তৃণমূল বিধায়কের মাথায় উঠল এক কেজি রূপোর মুকুট। তাঁকে তা পরিয়ে বেশ আপ্লুত দলীয় কর্মীরা। এমন এক কাজের জন্য দলের তরফে প্রশংসা যেমন জুটেছে, ঠিক তেমনিই আবার বিরোধী পক্ষের থেকে জুটেছে নানান কটাক্ষও।
জানা গিয়েছে, দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের থেকে চাঁদা তুলে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্য কেনা হয়েছে এক কেজি রূপোর একটি মুকুট। এই মুকুট বিধায়ককে উপহার হিসেবে দিতে পেরে বেশ খুশি কর্মীরা কিন্তু এরই সঙ্গে যোগ হল সমালোচনাও।
আরও পড়ুন- ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে জাতীয় সঙ্গীত গাওয়ার বার্তা মোদীর, দিলেন ‘ভারত জোড়ো’ ডাক
গতকাল, শনিবার সন্ধ্যেয় পাণ্ডবেশ্বরের কুমারডিহি পঞ্চায়েতের জোয়ালভাঙা গ্রামে স্থানীয় তৃণমূল কর্মীরা এটি সংবর্ধনা সভার আয়োজন করেন। সেই সভায় নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সেই এক কেজি ওজনের রূপোর মুকুট পরিয়ে দেন দলীয় কর্মীরা।
কর্মীদের এই ভালোবাসার উপহার পেয়ে বেশ খুশি হন বিধায়ক নিজেও। তিনি বলেন, “এই ঘটনার প্রেক্ষিতে কোনও বিতর্কের অবকাশ নেই। আমাকে ভালোবেসে চাঁদা তুলে গ্রামবাসী এবং দলীয় কর্মীরা এই মুকুটটি আমাকে উপহার দিয়েছেন”। বিধায়ক এও জানিয়েছেন যে তিনি মহামূল্যবান উপহারটি স্থানীয় কালী মন্দিরে দান করবেন ।
এদিকে এই অনুষ্ঠানের আয়োজক তথা তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি কিরিটি মুখোপাধ্যায় বলেন যে এই বিষয়ে বিতর্কের কোনও কারণ নেই বলে মত। তাঁর কথায়, “নরেন্দ্রনাথ চক্রবর্তী স্থানীয় বিধায়ক হওয়ার পাশাপাশি গ্রামের অভিভাবক। সংবর্ধনায় নতুন কিছু করার তাগিদেই রুপোর এই মুকুটটি বিধায়ককে উপহার দিয়েছি। গ্রামের মানুষজন ও দলের কর্মীরা সবাই নিজেদের ইচ্ছে মতো চাঁদা দিয়ে এই মুকুট কিনতে সাহায্য করেছেন”।
আরও পড়ুন- ২০২৪-এর লোকসভায় মোদীর বিরুদ্ধে প্রধান মুখ কী মমতাই? তৃণমূলের আশার পথে বাধা হতে পারে কংগ্রেস
তবে এই নিয়ে যথেষ্ট সাড়া পড়েছে বিরোধী মহলে। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক লক্ষণ ঘরুই এবং সিপিএম-এর নেতা পঙ্কজ রায় সরকার বেশ কটাক্ষ করেছেন তৃণমূলের। ঘাসফুল শিবিরের নেতার এই সংবর্ধনা সভার বেশ সমালোচনা করতে দেখা যায় বিরোধী নেতাদের।





