‘তাপসদাকে দিয়ে তো শুরু, অনেকেই আসছেন, এবার উনি…’, জল্পনা উস্কালেন দিলীপ, তবে কী সত্যিই বিজেপিতে যাচ্ছেন তাপস রায়?

সামনেই লোকসভা নির্বাচন। এখন সমস্ত রাজনৈতিক দলেরই উদ্দেশ্য নিজেদের জমি শক্ত করা, সংগঠন মজবুত করা। কিন্তু লোকসভা ভোটের মুখেই যেন ভাঙতে শুরু করল ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক যিনি প্রায় তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে রয়েছেন, সেই বর্ষীয়ান নেতা তাপস রায় দল ছেড়েছেন। আজ, সোমবারই বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। এমন আবহে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে প্রবলভাবে। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

বেশ কিছুমাস ধরেই দলের বিরুদ্ধে মুখ খুলছিলেন তাপস রায়। গত শনিবার তিনি বিস্ফোরক দাবী করে বলেন যে তাঁর বাড়িতে ইডি হানার নেপথ্যে রয়েছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর তৃণমূল ছাড়ার জল্পনা শুরু হতেই আজ, সোমবার সকালেই তাঁর সঙ্গে দেখা যান তৃণমূলের ব্রাত্য বসু ও কুণাল ঘোষ।

কিন্তু বরফ গলে নি। এই সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে একরাশ অভিমান নিয়ে তিনি জানান, তাঁর বাড়ি ইডি হানার ৫২ দিন কেটে গেলেও একবারও তাঁর কোনও খোঁজ নেন নি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান, মমতা শাহজাহানের সমর্থনে বিধানসভায় কথা বললেও, তাঁর কোনও খবর নেন নি, এই ঘটনায় তিনি খুবই দুঃখ পেয়েছেন। এরপরই এদিন বিধানসভায় গিয়ে পদত্যাগ করেন তিনি।

এই বিষয়ে কী বক্তব্য দিলীপ ঘোষের?

তাপস রায়ের দল ছাড়া প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “তাপস দার মতো ওই জেনারেশনের রাজনীতিকরা দলে থাকতে পারছেন না। তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, তাই তাঁদের পক্ষে দলে টিকে থাকা কষ্টের। উনি অনেক চেষ্টা করেছেন পারেননি”। তাঁর কথায়, “তাপস দা-কে দিয়ে শুরু হল, আগামীতে আরও অনেক এরকম দৃশ্য দেখা যাবে”।

এদিন দিলীপ ঘোষ এও জানান যে তাপস রায়ের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি জানান, “অনেকবারই তাপস দা এরকম কথা বলেছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে মনের কথা বলেছেন। আজও তাই করেছেন। ওঁর মতো রাজনীতিক নিশ্চয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। মাথা উঁচু করে কাজ করবেন ভবিষ্যতে”।

সত্যিই কী মমতার দীর্ঘদিনের সৈনিক এবার বিজেপিতে?

তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা বারবার উঠে আসছে। আর এবার তাঁর দল ছাড়ার পর তো সেই জল্পনা আরও তীব্র হয়েছে। সত্যিই কী তিনি গেরুয়া শিবিরের হাত ধরছেন, সেই প্রশ্নই এখন বঙ্গ রাজনীতির অন্দরে। সেই বিষয়ে দিলীপ ঘোষ বললেন, “অনেকেই আসছেন। আসবেন কি না, সেটা ওঁর সিদ্ধান্ত। তবে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, এটুকু বলতে পারি”।

RELATED Articles