‘এক নম্বরের লম্পট, চরিত্রহীন লোক, সৌমিত্রকে সন্দেশখালির শাহজাহানের সঙ্গে তুলনা প্রাক্তন স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতার

গত লোকসভা নির্বাচনেও স্বামীর হয়ে নির্বাচনী প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। গলা ফাটিয়েছেন সৌমিত্র খাঁ-য়ের হয়ে। কিন্তু পাঁচ বছরের মধ্যে বদলে গিয়েছে তাদের সম্পর্কের সমীকরণ। এবারের লোকসভা নির্বাচনে তারা একে অপরের প্রাক্তন। এবার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ-কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল।

কী বলছেন তৃণমূল নেত্রী?

সামনেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে নানান রাজনৈতিক দলই সভা করছেন নানান জায়গায়। গতকাল, রবিবার বাঁকুড়ায় সভা করেন সুজাতা মণ্ডল। সেই সভা থেকেই প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে আক্রমণ শানালেন সুজাতা।

এই সভা থেকে তিনি বলেন, “বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মা-বোনেদের সম্ভ্রভ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে সৌমিত্র খাঁকে ছুঁড়ে ফেলুন। ওই লম্পট, ১ নম্বরের চরিত্রহীন সাংসদকে একটি ভোটও দেবেন না। ভোট চাইতে এলে জিজ্ঞেস করেন করবেন উন্নয়ন তহবিলের ১৫ কোটি টাকা কোথায় গেল”?

সন্দেশখালির শাহজাহানের সঙ্গে তুলনা সৌমিত্রর  

এদিনের এই সভা থেকেই আবার নাম না করেই সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহানের সঙ্গে সৌমিত্রের তুলনা টানলেন সুজাতা। তাঁর কথায়, “সন্দেশখালিতে যার নাম নিয়ে এখন এতো আলোচনা, এখানকার (বিষ্ণুপুর) সেই লোক হচ্ছেন সৌমিত্র”।

প্রসঙ্গত, ২০১৪ সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুর থেকে সাংসদ হন সৌমিত্র খাঁ। পরবর্তীতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি যোগ দেন বিজেপিতে। সে বছর বিজেপির টিকিটে জিতে ফের বিষ্ণুপুরের সাংসদ হয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে সুজাতাও যোগ দিয়েছিলেন বিজেপিতে।

কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে আচমকাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এরপর থেকেই তাদের সম্পর্কে ভাঙন শুরু হয়। প্রকাশ্যে সুজাতাকে বিবাহবিচ্ছেদ দেওয়ার কথা বলেন সৌমিত্র। পাল্টা সুজাতা আবার সৌমিত্রের চরিত্র নিয়ে নানান মন্তব্য করেন। বেশ কিছুমাস আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে দুজনের। এবার লোকসভা ভোটের প্রাক্কালে ফের প্রাক্তন স্বামীকে একহাত নিলেন সুজাতা।

RELATED Articles