Dilip Ghosh : শাহের সভাতেও ডাক নেই দিলীপ ঘোষের! বিজেপির অভ্যন্তরীণ দূরত্ব ঘিরে জল্পনা তুঙ্গে!

রাজনীতির মঞ্চে সম্পর্কের ওঠানামা নতুন কিছু নয়। আর যখন সেই সম্পর্ক জড়িয়ে থাকে রাজ্যের অন্যতম প্রবল জনসংযোগকারী নেতাকে, তখন তা আরও চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিজেপির রাজ্য রাজনীতিতে এমনই এক পরিচিত মুখ দিলীপ ঘোষ। এক সময়ের রাজ্য সভাপতি, সংসদ সদস্য—আজ তিনি পরিচিত সাধারণ কর্মীদের পাশে থাকা এক নেতারূপে। তবু মাঝে মাঝেই প্রশ্ন ওঠে, দলের অভ্যন্তরে কি তাঁকে একটু একটু করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে?

রাজ্যজুড়ে জোর কদমে চলছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। এই আবহেই রবিবার কলকাতায় কর্মী সম্মেলনে হাজির অমিত শাহ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য থেকে শুরু করে জেলা স্তরের বহু নেতা। তবে সেখানে দেখা মেলেনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আর এই অনুপস্থিতি ঘিরেই ফের প্রশ্ন উঠেছে—তাঁকে কি সত্যিই উপেক্ষা করছে বিজেপির রাজ্য নেতৃত্ব?

সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “কর্মীদের বৈঠক আছে। একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না কাদের ডাকা হয়েছে। আমায় যখন দরকার হবে তখন ডাকা হবে। আমি পার্টির মধ্যে কাজের সঙ্গে আছি।” নিজের ভূমিকা নিয়ে দিলীপ আরও বলেন, “আমি সাধারণ কর্মীদের সঙ্গে ঘুরি, চা চক্র করি, তিরঙ্গা যাত্রায় হাঁটছি। দল যে কাজ যোগ্য মনে করবে আমার জন্য, সেটা দেবে।” অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, সক্রিয় রাজনীতিতে তিনি এখনও যথেষ্ট প্রাসঙ্গিক এবং সম্পূর্ণরূপে দলের সঙ্গেই রয়েছেন।

দলীয় দায়িত্বে এখন আর না থাকলেও দল থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করেন না দিলীপ। তাঁর কথায়, “অনেক দিন ধরে আমার পার্টিতে কোনও বড় দায়িত্বে নেই। তবে আমি পার্টিতে সমান সক্রিয় রয়েছি। আমার কাজ সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা। সেইটাই করে চলেছি।” একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, এর আগেও তিনি সব জায়গায় যেতেন না। কোর কমিটির বৈঠকে ডাক পড়লে যেতেন। এবার কর্মী বৈঠক ডাকা হয়েছে। অর্থাৎ এক অর্থে নিজের অনুপস্থিতিকে তিনি স্বাভাবিক বলেই মানছেন।

আরও পড়ুনঃ Weather update : আজ দার্জিলিং-সহ ৫ জেলায় লাল সতর্কতা! প্রবল বর্ষণে বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গ!

রবিবার অমিত শাহের সরকারি কর্মসূচি ছিল রাজারহাটের সিএফএসএলে। সেখান থেকে বাইপাস সংলগ্ন হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ সেরে তিনি গিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে বিজেপি নেতা-কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলন হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, মোর্চা নেতারা সহ একাধিক স্তরের নেতা। অথচ সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। এই ঘটনা নিঃসন্দেহে জল্পনা বাড়াচ্ছে। দিলীপ ঘোষ যদিও দাবি করছেন কোনও দূরত্ব তিনি তৈরি করেননি, তবে দলের পক্ষ থেকেও কি তাঁকে আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles