গরমে হাঁসফাঁস অবস্থা কাটিয়ে জুন মাসের শুরুতেই রাজ্যের আকাশে জমতে শুরু করেছে কালো মেঘ। শহর কলকাতা হোক কিংবা মফস্সল—দিনভর গরমের মধ্যে হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তি এনে দিলেও, তার পিছনেই লুকিয়ে রয়েছে বড় বিপদ। গত কয়েকদিন ধরে বিকেলের দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া—ঠিক যেন বর্ষার আগমনী বার্তা।
যখন শহরবাসী ভাবছেন একটু স্বস্তির বৃষ্টি হচ্ছে, তখনই আবহাওয়াবিদদের তরফে উঠে এল চিন্তার কারণ। পূর্বাভাস বলছে, শুধুমাত্র গরম বা অল্প বৃষ্টি নয়, রাজ্যের একাধিক জেলায় অপেক্ষা করছে বড়সড় দুর্যোগ। ছুটির দিনে বাইরে বেরোনোর পরিকল্পনা? তবে একটু সতর্ক থাকুন। কারণ আবহাওয়া কিন্তু ছুটি কাটানোর মেজাজে নেই!
আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও এরপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হলেও, বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। বুধবার থেকে ফের বৃষ্টির দাপট দেখা দিতে পারে গোটা দক্ষিণবঙ্গে। এর মধ্যেই কিছু জেলায় সতর্কতার মাত্রা বেড়েছে, যার বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ থেকে।
আরও পড়ুনঃ অপ্রত্যাশিত সাফল্য কার ভাগ্যে? জুন ২০২৫ মাসে কোন রাশির হবে উন্নতির মাস, দেখে নিন পুরো আপনার ভবিষ্যৎ!
আজ রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলায় অতি প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই জেলাগুলিতে চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে। শুধু আজই নয়, সোমবারেও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও।





