বঙ্গভঙ্গ দাবী নস্যাৎ! বঞ্চিত হওয়ার কারণেই গর্জে উঠেছে উত্তরবঙ্গ-জঙ্গলমহল, সরকারকে কটাক্ষ দিলীপের

কিছুদিন ধরেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবী তুলেছিলেন বিজেপি সাংসদ জন বারলা। তাঁর সেই দাবীতে তিনি এখনও অনড়। এরই মধ্যে গতকাল আবার অন্য এক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জঙ্গলমহলকেও আলাদা রাজ্যে পরিণত করার ইঙ্গিত দেন। এবার এই নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তাঁর কথায়, মানুষ সরকারের উপর বিশ্বাস করতে পারছে না। এই কারণেই রাজ্যের নানান প্রান্ত থেকে এমন দাবী উঠছে। তবে দিলীপবাবু এমনও স্পষ্ট জানান যে বঙ্গভঙ্গের দাবীকে বিজেপি একেবারেই সমর্থন করে না।

আরও পড়ুন- মমতার আবেদন অগ্রাহ্য, নারদ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

এদিন নিউ টাউনে মর্নিং ওয়াকে গিয়ে তিনি বলেন, “বঙ্গভঙ্গের দাবী কেউ করেনি। সবাই বলছে যে বঞ্চনা হচ্ছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের লোককে স্বাধীনতার পর থেকে সবাই বঞ্চিত করেছে। মুক্তি ও অধিকারের জন্য আজ তাই তারা বিরোধী দলকে ভোট দিচ্ছেন। সেখানকার মানুষের যে ক্ষোভ রয়েছে প্রতিনিধি হিসাবে সেটা তারা বলেছেন। তবে রাজ্য সরকারের প্রতি যে বিশ্বাস, আস্থা নেই সেটা বোঝা যাচ্ছে। ওখানকার মানুষ সেটা বুঝিয়ে দিয়েছেন। রাজ্য সরকার সেটাকে প্রশমিত করুক। কাজ করে দেখাক। সেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দিক”।

রাজ্য সরকারকে বেশ কটাক্ষের সুরেই দিলীপ বলেন, “ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের গিয়ে বললেন যে ৫০০ টাকা করে ভাতা দেব। ভোটের আগে একবার দিয়ে ভোট নিলেন, তারপর বলছেন পয়সা নেই। আদিবাসীদের ১০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। এখন বলছেন পয়সা নেই। এই যে ধোঁকাবাজি চলছে, এর বিরুদ্ধে সাধারণ মানুষের আওয়াজ”।

আরও পড়ুন- সামনে আসছে একের পর এক সাংসদ-বিধায়কের নানান কেচ্ছার কাহিনী, চরম বিড়ম্বনায় তৃণমূল

দিলীপ ঘোষের স্পষ্ট কথা, রাজ্য ভাগ হয়ে যাক, এটাকে একেবারেই সমর্থন করে না বিজেপি। বিজেপি চায় গোটা রাজ্যের উন্নয়ন হোক। কিন্তু এবার তাহলে প্রশ্ন ওঠে যে, বিজেপি যদি গোটা রাজ্যেই উন্নয়ন চায়, তাহলে যেসমস্ত বিজেপি নেতারা রাজ্য ভাগের দাবী তুলছেন, তাদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না?

RELATED Articles