কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির (Kaustav Bagchi) গ্রেফতারি নিয়ে এখন গোটা বঙ্গ রাজনীতি উত্তাল। গতকাল, শনিবার সারাদিন কৌস্তভের গ্রেফতারি, পুলিশি টানাপোড়েন এমন নানান ঘটনায় কেটেছে। জামিন পেয়েই এদিন মাথা কামিয়ে কৌস্তভ শপথ নেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গদিচ্যুত না করা পর্যন্ত তিনি মাথায় চুল রাখবেন না। তাঁর এই প্রতিবাদী সত্ত্বার প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে রবিবার সকালে প্রার্তভ্রমণে বেরিয়ে বোগদা এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা-চক্র করে কৌস্তুভ বাগচীর মাথা ন্যাড়া করে শপথ নেওয়ার বিষয়ে কথা বলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “একটা ছেলে তো কংগ্রেসের কমপক্ষে শপথ নিয়েছে। তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য। বাকি কংগ্রেস পার্টির তো সেরকম কিছু দেখাই যায় না। যখন দরকার হয় বিধানসভাতে তারা উলটে মমতার সঙ্গে দাঁড়ান। কমপক্ষে যুব সমাজের মধ্যে একটা জেদ এসেছে বাংলাকে বাঁচাবার জন্য একে হটাবার দরকার আছে”।
গতকাল, শনিবার বিজেপির স্বশক্তিকর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ। সেখান থেকেই কৌস্তভের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ করেন দিলীপ। শুধু তাই-ই নয়, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ৪২ দিন জেলবন্দি রাখার ঘটনারও নিন্দা জানান তিনি। আর কৌস্তভকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনারও ধিক্কার জানান।
দিলীপ ঘোষ বলেন, “আদালতের সামনে সরকারকে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছে। বিরোধীদের মুখ জোর দেখিয়ে বন্ধ করতে গেলে এমনই পরিস্থিতির তৈরি হবে। বিনা কারণে যাকে মনে হবে তাকে গ্রেফতার করে হেফাজতে রেখে দেওয়ার অধিকার সরকারের নেই”।
এখানেই থেমে থাকেন নি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকে কটাক্ষ করে দিলীপ ঘোষের মন্তব্য, “চারিদিকে বোম বন্দুক, লুটপাট চলছে। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে দেখি না, শুধু কেন্দ্রীয় সরকার, এমনকী বিদেশের শাসক কী করছে সেদিকে নজর তাঁর। অথচ তাঁর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিরোধীদের মুখ বন্ধ করার ভাবনা না করে মানুষের জন্য কাজ করুন”।





