“নতুন-পুরনো বলে কিছু নেই, দলে নিয়ম-শৃঙ্খলাই শেষ কথা”, একাধিক বিজেপি নেতাদের শোকজ প্রসঙ্গে স্পষ্ট জবাব দিলীপের

সায়ন্তন বসুর পর আজ অগ্নিমিত্রা পাল। একের পর এক বিজেপি নেতা-নেত্রীদের নোটিশ পাঠাচ্ছে বিজেপি। কারণ জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্পষ্ট জানান যে, দলের সবাইকেই গাইডলাইন মানে চলতে হবে।

গতকালই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে দলবিরোধী মন্তব্যের কারণে শোকজ করা হয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুকে। এরপর আজ ফের একই কারণে নোটিশ পাঠানো হয়েছে অগ্নিমিত্রা পালকে। এই বিষয়ে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, “অনেককেই শোকজ করা হচ্ছে। দলে নিয়ম শৃঙ্খলাই শেষ কথা। দলে নতুন-পুরনো বলে কিছু নেই। অগ্নিমিত্রা পালও তো নতুন। সবাইকেই দলের গাইডলাইন অনুযায়ী চলতে হবে”।

প্রসঙ্গত, আজ, বুধবার দলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য শোকজ করা হয়েছে বিজেপির  মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পালকে। দলের পক্ষ থেকে সাফ জানানো হয় যে, দল কোনওভাবেই এই ধরণের মন্তব্য বরদাস্ত করবে না। অগ্নিমিত্রার বক্তব্য দলের অবস্থানবিরোধী। আগামী সাতদিনের মধ্যে তাঁর এই মন্তব্যে পক্ষে উপযুক্ত  ব্যাখ্যা দিতে বলা হয়েছে অগ্নিমিত্রা পালকে।

উল্লেখ্য, জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে নেওয়ার বিপক্ষে কথা বলেন অগ্নিমিত্রা। তাঁর দাবী ছিল, আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির ভাবমূর্তি ভালো নয়। তাঁকে যদি দলে নেওয়া হয়, তবে বিজেপির ভাবমূর্তি নষ্ট হবে। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধেই দলের পক্ষ থেকে তাঁকে চিঠি দিয়ে শোকজ করা হয়েছে।

দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। এরপরই গুঞ্জন উঠেছিল তিনিও হয়ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেবেন। এই বিষয়ে প্রথমেই মুখ খুলেছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর কথায়, জিতেন্দ্র তিওয়ারি দলে এলে তিনি তা মন থেকে মেনে নিতে পারবেন না। এরপরই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সুর চড়ান দলের অন্যান্য নেতৃত্ব।

RELATED Articles