‘বুথে লোক ঢুকে ভোট লুঠের চেষ্টা করলে কাঁচা বাঁশ দিয়ে ট্রিটমেন্ট করে দেবেন’, পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের নিদান দিলীপের

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে জমি শক্ত করতে উদ্যত সমস্ত রাজনৈতিক দলগুলিই। যে কোনও মুহূর্তে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। এই মুহূর্তে বাংলার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন শাসক-বিরোধী উভয় দলের নেতারাই। ভোটের আবহে উত্তপ্ত বাংলার মাটি। এমন আবহে এবার ভোট লুঠ নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।  

গতকাল, শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার নিকুঞ্জপুরে বিজেপির তরফে আয়োজন করা হয়েছিল ধিক্কার সভায়। এই সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এদিন এই সভা থেকেই দলীয় কর্মীদের ভোট লুঠ নিয়ে নিদান দিলেন তিনি। বললেন, “বুথে ফালতু লোক ঢুকে ভোট লুঠের চেষ্টা করলে তাহলে ভাল করে ট্রিটমেন্ট করে দেবেন”।

এদিন দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, “হাসপাতালের আগে আপনারা তার ট্রিটমেন্ট করবেন। আর এর জন্য কাঁচা বাঁশের ডাং (লাঠি)  লাগবে। যেন সেই ডাঙে গাঁট থাকে। লাগলে যেন ভেতরে লাগে”।

এদিনের এই মঞ্চ থেকে রীতিমতো হুঁশিয়ারি শানিয়ে দিলীপ বলেন, “যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। পরিশ্রম করে সংগঠন করেছি। মানুষের বাড়ি বাড়ি গিয়েছি। আর ভোটের দিন কেউ ভোট লুঠ করবে তা সহ্য করব না”।

বলে রাখি, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ একটা বড় ইস্যু হয়ে উঠেছিল। অনেক জায়গা থেকেই ভোট লুঠের অভিযোগ উঠেছিল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। ওয়াকিবহাল মহলের মতে, আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ভোট লুঠ রুখতেই তাই আগেভাগে প্রস্তুত থাকতে চাইছেন বিরোধী নেতারা। 

RELATED Articles