‘যুদ্ধ লেগেছে, মমতার ইউক্রেনে যাওয়ার ইচ্ছা থাকলে যান’, খোঁচা দিলীপের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো সম্ভব হচ্ছে বলে দাবী দিলীপ ঘোষের। এই নিয়ে মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। এর পাশাপাশি উদ্ধার নিয়ে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতেও ছাড়লেন না তিনি।

এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “ইউক্রেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার ইচ্ছা থাকলে যান। মোদী একমাত্র যিনি প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে যিনি ছাত্রদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। সেই বিষয়ে ছাত্ররা আরও ভালো বলবে। আসলে তৃণমূল কংগ্রেস ভেবেছিল ওইখানে কিছু লোক মারা যাবে। ওরা রাস্তায় নামবে। আন্দোলন করবে। সেই সুযোগ ওরা পেলেন না। মোদীজীর কুশল নেতৃত্বে কুড়ি হাজার পড়ুয়া আজ সুরক্ষিত। প্রায় সবাইকে ইউক্রেন থেকে বের করে আনা হয়েছে। এখন পড়ুয়াদের মা-বাবারা মোদীজীকে আশির্বাদ করছেন”।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক সপ্তাহ কেটে গিয়েছে। সে দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে কেন্দ্র সরকারের তরফে ‘অপারেশন গঙ্গা’ নামের এক অভিযান চালু করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং ভিকে সিং ইউক্রেনের প্রতিবেশি দেশগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়ে অপারেশন গঙ্গা পরিচালনা করছেন।

সম্প্রতি, ইউক্রেনে রাশিয়ান হামলায় ভারতীয় ছাত্র নবীণ শেখরারাপ্পার মৃত্যু হয়েছে। আর এরপর থেকে সেদেশে থাকা ভারতীয়দের উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। এর কারণে একের পর এক বায়ুসেনার সি-১৭ বিমানে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও বিদেশমন্ত্রক যৌথভাবে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে উদ্ব্যোগী হয়েছে।

সরকারি সূত্রের খবর অনুযায়ী, চার-পাঁচ মার্চ মোট ৭ হাজার ৪০০ জনকে ফিরিয়ে আনা হবে। আগামিকাল মোট ৩৫০০ জনকে ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। গতকাল, ১৭টি বিমান ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসবে। বুচারেস্ট থেকে ৬টি, বুদাপেস্ট থেকে ৪টি, কসআইস থেকে ১টি, রজেসজো থেকে ৩টি, সুসিয়াভা থেকে দুটি বিমানে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে।

RELATED Articles