‘স্বজনদের হারিয়ে কেউ টাকা চায় না, সুবিচার চায়’, পঞ্চায়েত হিংসায় মৃতদের পরিবারকে মমতার ক্ষতিপূরণের ঘোষণায় কটাক্ষ দিলীপের

পঞ্চায়েত ভোটে বাংলায় যেন রক্তগঙ্গা বয়ে গিয়েছে। হিংসার বলি হয়েছেন একাধিক। গতকাল, বুধবার ভোট হিংসায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই এবার কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বললেন, “স্বজনদের হারিয়ে কেউ টাকা চায় না, সুবিচার চায়”।

ভোট হিংসায় মৃতদের পরিবারকে ২ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই কটাক্ষ করলেন দিলীপ। তাঁর কথায়, মমতা মৃত্যুর যে হিসেব দিয়েছেন, তা সঠিক নয়। দিলীপ ঘোষের দাবী, মৃত্যু হয়েছে ৪৭ জনের কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন ১৯ জনের কথা।

কী বলছেন দিলীপ ঘোষ? 

বিজেপি সাংসদ বলেন, “উনি সব দেখতে পান না, শুনতেও পাননা”। দিলীপের দাবী, “সংবাদমাধ্যমে যে তথ্য তুলে ধরা হয়েছে, সেটা কোনওভাবেই অস্বীকার করা যায় না”। তিনি আরও বলেন, “আমরা চাই না কারও মৃত্যু হোক, কাউকে ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হোক। স্বজন হারিয়ে কেউ টাকা চায় না, সবাই জীবনের সুরক্ষা চায়। জাস্টিস চায়”।

ভোট গণনার দিন বিপুল কারচুপি হয়েছে বলে অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, গণনার দিন ফোন বিডিও-রা নামিয়ে রেখেছিলেন। জেলাশাসকের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁরা দাবী করেছেন, বিডিও যা বলার বলে দেওয়া হয়েছে।

হাজার হাজার অভিযোগ জমা পড়েছে পিস রুমে 

সূত্রের খবর, রাজভবনের পিস রুমে ভোট সংক্রান্ত ৭,৫০০ অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগ আদালতে পেশ করা হবে। দিলীপ ঘোষের দাবী, এমন হাজার হাজার অভিযোগ জমা পড়েছে রাজ্য কমিশনের কাছে কিন্তু এর কোনও সুরাহা হয়নি।

গতকাল, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০-১২ জন তৃণমূলেরই লোক। মৃতদের মধ্যে ভোটের দিন ৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী।

RELATED Articles