‘গরু, কয়লা, বালি, পাথর সবকিছুর মাস্টারমাইন্ড অনুব্রত, তাই কেষ্ট গ্রেফতার হওয়ার পর দিদিমণির ঘুম ছুটেছে’, মমতাকে ফের তোপ দিলীপের

এর আগেও তিনি বারবার শানিয়েছেন শাসক দলকে। নিজের নানান মন্তব্যের জন্য নানান সময় বিতর্কেও জড়াতে হয় তাঁকে। কিন্তু তবুও বিরোধীদের আক্রমণ করতে কসুর করেন না তিনি। এবার ফের একবার তৃণমূল (TMC) ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বেলাগাম তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বৃহস্পতিবার বোলপুরে চা চক্র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষের সাফ বলেন, “গরু, কয়লা, পাথর, বালি এই চারটি বিষয় বীরভূমে রয়েছে। সিন্ডিকেটের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। আর সবটাই মাস্টার মাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল”।

আজ, বৃহস্পতিবার বোলপুরে চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আগামী ১৩ই সেপ্টেম্বর রয়েছে বিজেপির নবান্ন অভিযান। এই কর্মসূচিকে মাথায় রেখে বীরভূমে জেলাকেও পাখির চোখ করেছে বিজেপি। এদিন নাম না করেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “কেষ্ট গ্রেফতার হওয়ার পর দিদিমণির ঘুম ছুটেছে”।

এদিন দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারছে না। কারণ বীরভূমে সিন্ডিকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে তৃণমূলে নেতারা। রাজ্য সরকার মাইনে দিতে পারবে কি করেও? বীরভূমের সমস্ত কিছু লুট হচ্ছে এবং তা নিজেদের ভান্ডার ভরছে তৃণমূলের নেতারা”।

গতকাল, বুধবার রামপুরহাটে গিয়েও একই সুর শোনা যায় দিলীপ ঘোষের মুখে। তিনি বলেন, “বীরভূমে গরিব লোকের বাস। আর সেই জেলায় বালি, পাথর, কয়লা গরু পাচারের টাকায় তৃণমূলের জেলা সভাপতির দেহরক্ষী সেহগাল হোসেনের দেড়শো কোটি টাকার সম্পত্তি। মেয়ের নামে, নিজের নামে, পুরসভার কর্মীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি”।

RELATED Articles