অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি জাল করে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ, বাংলা থেকে গ্রেফতার ৪১ জন বাংলাদেশি

দীর্ঘদিন ধরে নথি জাল করে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা। ভারতে ঢুকেছিলেন বেআইনিভাবেই। সেই রকমই বেআইনিভাবেই পালাতে গিয়ে ফ্যাসাদে ৪১ জন বাংলাদেশি। তাদের সকলকে গ্রেফতার করল পুলিশ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার সময় বাংলা থেকেই গ্রেফতার এই ৪১ জন বাংলাদেশি নাগরিক।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার এলাকার পারসাহেবনগর সীমান্তে। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশিরা শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামে ভগবানগোলা স্টেশনে। টোটো-সহ নানান গাড়িতে পারসাহেবনগর এলাকার একটি মাঠে দেখা করে সকলে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল, সোমবার রাতে সেখানে বিএসএফের সঙ্গে অভিযান চালায় রানিতলা থানার পুলিশ। এরপরই ওই ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, এই ৪১ জন ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত প্রায় দু’বছর ধরে এই বাংলাদেশিরা মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভগবানগোলা থানা এলাকার কানাপাড়া ও চর লবনগোলা, রানিনগর থানার কাতলামারি, লালগোলা থানার বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে একাধিক যাতায়াত করেছে।

মুর্শিদাবাদের ভগবানগোলার দুজন ও মুর্শিদাবাদ থানার এক দালালের সাহায্যেই তারা ভারতে আসে বলে জানা গিয়েছে। ভারতে এসে নানান শহরে তারা রাজমিস্ত্রির কাজ করত বলে খবর। বিশেষ করে। দক্ষিণ ভারতের চেন্নাই, বেঙ্গালুরু শহরে পরিযায়ী শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করত তারা। 

আরও পড়ুনঃ কয়লা-গরু নয়, এবার হাতির দাঁত পাচারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, পুলিশের জালে শাসক দলের নেতা

তবে সম্প্রতি সেই সব জায়গায় লাগাতার বৃষ্টির কারণে ঠিকভাবে পাচ্ছিলেন না তারা। ফলে বাংলাদেশ ফিরে যাচ্ছিলেন। বেআইনিভাবে পালাতে গিয়েই পুলিশের জালে আটকা পড়ে ৪১ জন। আজ, মঙ্গলবার তাদের আদালতে তোলা হয় বলে খবর। এদের মধ্যে ৪-৫ জনকে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানায় রানিতলা থানার পুলিশ। আরও কোনও বাংলাদেশিরা তাদের সঙ্গে যুক্ত কী না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও অন্যান্য খবর