বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মনে করছেন যে, একমাত্র এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা হলে তবেই আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিতে সম্পন্ন করা সম্ভব! সম্প্রতি একটি সাক্ষাৎকারে এরকমটাই জানালেন দিলীপ ঘোষ। তার অভিযোগ যে রাজ্য পুলিশ এখন তৃণমূল ক্যাডারের মতো আচরণ করে চলেছে তাই সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যদি পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে তার আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে।
তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে তাঁর দল বিজেপি নীতিগতভাবে রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে কিন্তু বর্তমান পরিস্থিতি যে আকার নিয়েছে তাতে সবকিছুই সম্ভব।
উল্লেখ্য যে গতকাল আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের কনভয়ে লক্ষ্য করে ইঁট বৃষ্টি হয়। তিনি আহত না হলেও তার কনভয়ের দুটি গাড়ির কাঁচ ভেঙে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনার পিছনে রয়েছে।
দিলীপ ঘোষের বক্তব্য, আগামী নির্বাচনে তৃণমূল বুঝতে পেরেছে যে তারা হেরে যাবে তাই মরিয়া হয়ে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূলের লোকজন। যদিও তাতে কোনো লাভ হবে না বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির কারণ তার কথায় রাজ্যের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে।
যদিও, বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দল এধরনের হামলায় বিশ্বাস করে না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।





