‘তৃণমূল নেতাদেরই এবার দিদির রক্ষাকবচ লাগবে, দিল্লির দূতরা যাচ্ছে বাড়ি বাড়ি’, ‘দিদির দূত’ নিয়ে এবার কটাক্ষ দিলীপের

এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তোপ দেগেছিলেন। আর এবার ‘দিদির দূত’ নিয়ে কটাক্ষ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghoshd)। তৃণমূলের কর্মসূচি নিয়ে খোঁচা দিয়ে দিলীপ বললেন এবার ‘দিল্লি দূত’রা যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কথা বলে তৃণমূলকে তোপ বিজেপি নেতার।

আজ, শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তৃণমূলের কর্মসূচি ‘দিদির রক্ষাকবচ’-এর অংশ ‘দিদির দূত’কে নিশানা করেন দিলীপ ঘোষ। বলেন, “দিল্লির দূত এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। ব্যাঙ্ক, বিডিও অফিসেও পৌঁছে যাচ্ছে। রাজ্যবাসী শীতে কাঁপছে। তৃণমূল নেতারা সিবিআইয়ের ভয়ে কাঁপছে। দিদির সুরক্ষা কবচ তৃণমূল নেতাদেরই লাগবে”।

দিলীপ ঘোষকে পালটা জবাব দিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কটাক্ষ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ইকো পার্কে হাঁটার পর রোজ সকালে যা ইচ্ছা হয় তাই বলেন দিলীপবাবু। প্রচারের আলোয় থাকার জন্য এসব করেন তিনি”।

বলে রাখি, চলতি বছরেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এই কারণে জনসংযোগ বাড়াতে তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে নয়া কর্মসূচি ‘দিদির রক্ষাকবচ’ । এই কর্মসূচিতে নির্দিষ্ট এলাকায় বাড়ি বাড়ি যাবেন ‘দিদির দূত’রা। সরকারি প্রকল্প সকলে ঠিকঠাক পাচ্ছেন কী না, তা খতিয়ে দেখা হবে। বাড়ি বাড়ি গিয়ে সকলের অভাব-অভিযোগ শুনবেন তারা।

প্রতিটি বাড়িতে কে কোন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তা জানতে হবে। কারা কোন প্রকল্পের জন্য যোগ্য তাও জানতে এবং জানাতে হবে। কোনও অভিযোগ থাকলে তা ‘দিদির দূত’ অ্যাপে রেজিস্ট্রার করতে হবে। বাড়ির প্রতিটি সদস্যের ফোনে কিউআর কোড স্ক্যান করে এই অ্যাপটি ডাউনলোড করে দিতে হবে। দলের ক্যালেন্ডার দিতে হবে পরিবারগুলিকে। এই গোটা প্রক্রিয়া শেষ হলে বাড়ির দরজায় দলের দেওয়া স্টিকার লাগিয়ে দেবেন ‘দিদির দূত’রা। 

RELATED Articles