ফের উদ্ধার টাকার পাহাড়! খড়দহে শিক্ষকের ফ্ল্যাট থেকে মিলল টাকার বান্ডিল, প্রতিষ্ঠানে ভর্তির বিনিময়ে কমিশনের টাকা, সন্দেহ তদন্তকারীদের

গত বছরে টাকার বান্ডিলের পাহাড়ের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচ নানান জায়গা থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এবার বছরের শুরুতেও রাজ্যে মিলল টাকার পাহাড়ের খোঁজ। গতকাল, শুক্রবার উত্তর ২৪ পরগণার খড়দহের একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করলেন ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা।

গত বৃহস্পতিবার রাত থেকে খড়দহের নানান জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গতকাল, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে খড়দহের একটি ফ্ল্যাটে পৌঁছয় বেশ কিছু পুলিশ আধিকারিক। সেখানেই তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩২ লক্ষ টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর বিনিময়েই ওই টাকা নেওয়া হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত থেকে খড়দহের নাথুপাল ঘাট রোড এলাকায় এক অধ্যাপকের বাড়িতে চিরুনি তল্লাশি চালানো হয়। ওই অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ।

সূত্রের খবর, খড়দহের নাথুপাল রোডের শিরোমণি আবাসনের একতলায় থাকেন অমিতাভ দাস নামের এক ব্যক্তি। তাঁর ঘরেই টানা তল্লাশি চালান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিক ও খড়দহ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি পেশায় একজন অধ্যাপক। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন তিনি। গত আড়াই বছর ধরে তিনি ওই ফ্ল্যাটের বাসিন্দা। তবে ঠিক কী কারণে পুলিশ এসে তল্লাশি করেছে বা জিজ্ঞাসাবাদ করেছে, সে বিষয়ে তাদের স্পষ্ট কোনও ধারণা নেই বলেই জানান স্থানীয়রা।

RELATED Articles