প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই স্বমেজাজে ফিরেছেন তিনি। ভোট প্রচারে বেরিয়ে কোনও রাখঢাকই রাখছেন না। নিজের চেনা ভঙ্গিতে আক্রমণ, কটাক্ষ করে চলেছেন বিরোধীদের। ভোটের প্রাক্কালে তাঁর মুখে গরমাগরম কিছু মন্তব্য থাকবে না, তা তো আর হয় না! এবার ফের একবার ভোট গরমের উবাচ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে।
লোকসভা নির্বাচনে নিজের চেনা কেন্দ্র ছেড়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান-দুর্গাপুর থেকে তাঁকে ভোটের প্রার্থী করেছে বিজেপি। তবে নতুন কেন্দ্রে ভোট প্রচারে কোনও খামতি রাখতে নারাজ তিনি। তাঁর দৃঢ় আত্মবিশ্বাস, এই কেন্দ্রেও তাঁরই সফলতা আসবে। ইতিমধ্যেই নিজের নানান মন্তব্যের কারণে কমিশনের রোষের মুখে পড়েছেন দিলীপ। কিন্তু তাঁকে কী আর সহজে দমানো যায়! ফের একবার চমকানো মন্তব্য দিলীপের মুখে।
কী বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?
আজ, বৃহস্পতিবার সকালে নিজের লোকসভা কেন্দ্রে জনসংযোগ করতে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘দাদাগিরি’ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “দিলীপ ঘোষ এখনও দাদাগিরি শুরু করেনি। ওরা টুকটাক করছে। যেদিন একটা কামারের ঘা মারব না, ঠিক হয়ে যাবে”।
ভোটের আগেই নানান জেলা থেকে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর আসছে। সেই প্রসঙ্গে দিলীপ (Dilip Ghosh) বলেন, “ভোট পর্যন্ত আমরা আইন মেনে চলছি। তার পর হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে”। একইসঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, “দিলীপ ঘোষ এসে গেছে, অভ্যেস বদলান”।
জেলা তৃণমূল নেতৃত্বের দুর্নীতি প্রসঙ্গে দিলীপের (Dilip Ghosh) মন্তব্য, “দাওয়াই তো সিবিআই-ইডি দিচ্ছে। ভোটের আগে, ভোটের পরে। অনেকে ওখানে গিয়ে থাকবেন। বাড়ির ভাত খেতে পারবেন না”।
এখানেই শেষ নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়েই কটাক্ষ করেন দিলীপ (Dilip Ghosh)। বলেন, “মুখ্যমন্ত্রী ছেঁড়া কাঁথায় রিপু করছেন। কোথায় কোথায় যাবেন ঠিক করতে পারছেন না! উত্তরের গেলে রাঢ়বঙ্গে অশান্তি বেঁধে যায়”।





