ফের একবার বিতর্কের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এমন কিছু ছবি ভাইরাল হয়েছে যা নিয়ে চর্চার অন্ত নেই। কংগ্রেস সাংসদ শশী থারুরকে আলিঙ্গন করা অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। আবার কোনও ছবিতে তাঁর ঠোঁটে সিগার, কোনও ছবিতে হাতে শ্যাম্পেন নিয়ে দেখা গেল মহুয়াকে। কোনও নৈশভোজের ছবি এগুলি। তবে এই ছবি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
শশী থারুরের সঙ্গে মহুয়া মৈত্রের নৈশভোজের চারটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিগুলির কোনওটিতে তাদের দুজনকে একসঙ্গে খাবার টেবিলে বসে শ্যাম্পেন হাতে তুলে ধরতে দেখা গিয়েছে। আবার কোনও ছবিতে শশী থারুর সঙ্গে আলিঙ্গন অবস্থায় দেখা গিয়েছে মহুয়াকে। আবার কোনও ছবিতে দেখা গিয়েছে মহুয়ার ঠোঁটে সিগার। এই ছবিগুলি দেখে মনে হচ্ছে, যেন ছবি তোলার উদ্দেশ্যেই এরকম পোজ দিয়েছেন তৃণমূল সাংসদ।
এমন ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সকলেরই এখন প্রশ্ন, ‘হোয়াটস কুকিং বিটউইন শশী থারুর অ্যান্ড মহুয়া মৈত্র’। এমন ছবি যেন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
এমন ছবি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ। মহুয়ার কথায়, তাঁকে ট্রোল করার জন্যই বিজেপি আইটি সেল তাঁর এই ব্যক্তিগত ছবিগুলি ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর কথায়, ছবিগুলি ক্রপ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। তিনি বিজেপি আইটি সেলকে এই চ্যালেঞ্জও জানিয়েছেন যাতে ফুল ইমেজগুলি আপলোড করা হয়।
কী জানালেন মহুয়া?
নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে বিজেপি আইটি সেলকে আক্রমণ করে মহুয়া লেখেন, “আমি হতবাক, আমার ব্যক্তিগত জীবনের ছবি BJP IT সেল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। ট্রোল সেনার কাণ্ড এটা। আমি সাদা ব্লাউজের থেকে সবুজ ড্রেস বেশি পছন্দ করি। ক্রপ করেছেন কেন ছবিটা? নৈশভোজে আরও যারা ছিলেন, তাঁদের ছবিও পোস্ট করুন। বাঙালি মহিলাদেরও একটা জীবন আছে। এটা মিথ্যা নয়”।
ভাইরাল হওয়া একটি ছবিতে মহুয়াকে ধূমপান করতে দেখা গিয়েছে। তাঁর মুখে দেখা গিয়েছে সিগার। সেই ছবি নিয়ে মহুয়া বলেন, “আমি ধূমপান করিনি। আমার সিগারেটে অ্যালার্জি আছে। মজার জন্যই একটা বন্ধুর সিগার নিয়ে পোজ দিচ্ছিলাম মাত্র”।
এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মহুয়া মৈত্র। দেবী কালীর সুরাপান নিয়ে মন্তব্য করায় ব্যাপক বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আর এবার লোকসভা নির্বাচনের মুখে ফের আরও এক বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ।





