তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তী। সাত সকালেই নিহত ১!

আবার‌ও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের মাশুল গুনলো একটি প্রান। দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। তৃণমূলের যুব এবং মূল সংগঠনের মধ্যেকার দ্বন্দ্বে ভোররাতে চলল গোলাগুলি। নিহত এক তৃণমূল কর্মী। আহত ১২ জন। অভিযোগের আঙুল উঠেছে যুব তৃণমূলের দিকে। ঘটনার তদন্তে বাসন্তী থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোররাত অর্থাৎ প্রায় চারটে নাগাদ বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় আচমকাই যুব তৃণমূলের সদস্যদের সঙ্গে বিবাদ বাঁধে স্থানীয় তৃণমূল কর্মী, সদস্যদের। বাকবিতণ্ডা চরমে পৌঁছলে শুরু হয়ে যায় গোলাগুলি। অভিযোগ, যুব তৃণমূলের সদস্যরা গুলি চালায়। দফায় দফায় চলে বোমাবাজিও। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের। মৃত পঞ্চাশোর্ধ্বের নাম নবীর আলি মোল্লা। জানা গিয়েছে, তিনি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন। সেসময় গুলি তাঁর শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। আহত হয়েছেন দু পক্ষের আরও ১২ জন। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও দুই সংগঠনের মধ্যে বচসা কমেনি। আজ ভোরের ঘটনা তারই একটা উদাহরণ মাত্র। তবে এ দিনের ঘটনা যে গোষ্ঠী সংঘর্ষের ফল, তা কার্যত মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকা দখল ঘিরেই যে এধরনের সংঘর্ষ ঘটেছে, তাও স্বীকার করেছেন দলের নেতারা। এই মুহূর্তে এলাকা থমথমে। মোতায়েন রয়েছে বাসন্তী থানার পুলিশ বাহিনী।

RELATED Articles

Leave a Comment