ভয়াবহ করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে পরিবেশ দূষণ। কালীপুজো, দিওয়ালি উপলক্ষ্যে যে হারে পরিবেশ দূষিত হয় তা বলাই বাহুল্য। আর তাই এই বছর বাজি ফাটানো একেবারেই বন্ধ করার পরামর্শ দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদ। কারন হিসেবে জানানো হয়েছে এই পরিস্থিতিতে বাজি ফাটালে দূষণের পাশাপাশি মানুষের শারীরিক ক্ষতির সম্ভাবনা আরও বেশি থাকছে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal pollution control board) এর তরফের জানানো হয়েছে, লকডাউনের পর এই প্রথম কলকাতা ও আশেপাশের এলাকার দূষণ পি এম ২.৫-এর মান ২০০ ছাড়িয়েছে। যা উদ্বেগের। এর মধ্যে দীপাবলিতে বাজি পোড়ালে তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর পর এবার কালীপুজোয় আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে চিঠি দিল বাংলার ডক্টরস ফোরাম (Bengal doctors forum)।
বিশেষত এই বছর করোনা পরিস্থিতিতে শব্দবাজির ওপর যাতে নিষেধাজ্ঞা জারি করা হয় সেই আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি লিখেছে ডক্টরস ফোরাম। উক্ত চিঠিতে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম জানিয়েছে, করোনার প্রভাবে চলতি বছরে এমনিতেই মানুষ অসুস্থ। তাঁদের নানান অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে করোনার জেরে।
চিঠিতে ডাক্তারদের সংগঠন আরও জানিয়েছে, করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। সুস্থ হয়ে উঠলেও শরীরের নানান সমস্যা দেখা দিচ্ছে। এই অবস্থায় বাজির ধোয়া কার্যত বিষের মত কাজ করবে। তাই এই বছর রাজ্য সরকার বাজি বিক্রি এবং পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করুক বলে আবেদন জানিয়েছেন তারা।






