আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় গর্জে উঠেছে গোটা রাজ্য তথা দেশ। কর্মবিরতির ডাক দিয়ে প্রতিবাদ করছেন জুনিয়র চিকিৎসকরাও। এরই মধ্যে অভিযোগ ওঠে যে কোন্নগরের এক যুবকের মৃত্যু হয় আর জি করে বিনা চিকিৎসায়। সেই ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর চলছে। এরই মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। তাঁর সেই পোস্টের প্রেক্ষিতে এবার চিঠি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। অভিষেককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।
ঠিক কী ঘটেছে?
গত শুক্রবার ভোরে কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ের কাছে রাজীব গান্ধী রোডে বছর বাইশের এক যুবককে একটি ডাম্পার চাপা দেয়। দুর্ঘটনায় দুটি পা-ই গুরুতর জখম হয় ওই যুবকের। তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যুবককে পাঠানো হয় আর জি কর মেডিক্যাল কলেজে। তবে অভিযোগ, সেখানে নাকি প্রায় তিন ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে থাকে ওই যুবক। অবশেষে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, “জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য। আমি তাঁদের আবেদন জানাই, এমনভাবে প্রতিবাদ করুন যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয়”। তাঁর এই পোস্টের প্রেক্ষিতেই এবার তাঁকে চিঠি দেওয়া হল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে।
তবে কোন্নগরের যুবকের মৃত্যুর ঘটনায় জানিয়েছেন আর জি করের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি জানান, এই মৃত্যুর সঙ্গে আর জি করে চলা চিকিৎসকদের কর্মবিরতির কোনও সম্পর্ক নেই। তিনি স্পষ্ট জানান, গতকাল, শুক্রবার প্রায় সকাল সাড়ে ৮টার সময় ওই যুবককে হাসপাতালে আনা হয়। এরপর থেকেই তাঁর চিকিৎসা শুরু হয়। সিনিয়র চিকিৎসকরা ছিলেন সেই সময়। সিটি স্ক্যান করানোর সময় সেই শক না নিতে পেরে মৃত্যু হয় যুবকের।
এরপর গতকাল, রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে অভিষেককে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, “আপনি ৬ সেপ্টেম্বর এক্স হ্যান্ডলে লেখেন যে আরজি করের বিক্ষোভের জেরে কোন্নগরের এক যুবক রক্তাক্ত অবস্থায় কোনও চিকিৎসা ছাড়াই ৩ ঘণ্টা পড়েছিলেন। বাস্তবে, সকাল ৯টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টায় ওই যুবকের দুর্ভাগ্যজনক মৃত্যুর সময় পর্যন্ত তাঁর চিকিৎসা হয়েছে। আপনার ভিত্তিহীন দাবির জন্য চিকিৎসকরা বিপদে পড়তে পারেন। অযাচিত হিংসাকে উস্কে দিতে পারে। আমাদের দাবী, নিঃশর্ত ক্ষমা চেয়ে আপনার এই ভুল তথ্য প্রত্যাহার করুন”। এই চিঠির জবাবে অভিষেক কী বলেন, সেটাই দেখার!





