শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি তলব করেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। তবে সেই আর্জিকে খারিজ করে দিল শীর্ষ আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি তলব করেছিল ইডি। নিরাপত্তার কারণে কলকাতা তাদের জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে সংশয় প্রকাশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু অভিষেক ও রুজিরার আবেদন ছিল, দুজনের বাড়িই কলকাতায়। তাই যাতে তাদের কলকাতাতেই তলব করা হয়।
ইডির এই তলবকেই চ্যালেঞ্জ করে আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। এই মামলায় প্রবীণ কৌঁসুলি কপিল সিবালের নেতৃত্বে অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করনারায়ণ আদালতে সওয়াল করেন। ইডির তরফে ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এবং আইনজীবী জোহেব হোসেন।
আজ, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার ডিভিশনে ওঠে এই মামলা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ১৩ অগস্ট রায় ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।





