হাসপাতাল থেকে ওষুধ চাওয়া নিয়ে ঝামেলা, আটকে রাখা হল রোগীর পরিজনদের, মারধরের অভিযোগ ২ চিকিৎসকের বিরুদ্ধে

তুলকালাম কাণ্ড হাসপাতালের ভেতর। রোগীর পরিজনদের আটকে রেখে মারধরের অভিযোগ উঠল হাসপাতালে। দুই চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে উত্তেজনা এলাকায়। রোগীর পরিবারের তরফে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।

কী ঘটেছিল ঘটনাটি?

জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছন সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মল্লিকশোভা এলাকার বাসিন্দা প্রশান্ত রায় এবং জোৎস্না রায়। তাদের চার বছরের মেয়ের পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল।

তারা জানান, তারা মেয়েকে নিয়ে প্রথমে কর্তব্যরত চিকিৎসক দেবদাস মণ্ডলকে দেখান। তিনি প্রেসক্রিপশন লিখে দেন। এরপর দম্পতি হাসপাতালের ওষুধ বিভাগ থেকে প্রেসক্রিপশনে লেখা ওষুধ চাইলে চিকিৎসকের সঙ্গে কথাকাটি শুরু হয়। সেই সময় নাইট শিফটের চিকিৎসক সেখানে পৌঁছন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দম্পতি হাসপাতালের ওষুধ বিভাগ থেকে ওষুধ দেওয়ার দাবী জানাতে থাকেন। কিন্তু চিকিৎসকরা জানান, রাতে ফার্মেসি বন্ধ থাকে তাই বাইরে থেকে ওষুধ কিনতে হবে। এই নিয়েই দু’পক্ষের মধ্যে বেঁধে যায় তুমুল বচসা।

ওই দম্পতির অভিযোগ, সেসময় দুই চিকিৎসক এবং হাসপাতালের আরেক কর্মী তাদের টেনে নিয়ে কোলাপসেবল গেট আটকে দেন। তারপর তাদের মারধরও করা হয়েছে বলে দাবী ওই দম্পতির।

কী জানাচ্ছেন চিকিৎসকরা?

অভিযুক্ত চিকিৎসকের দাবী, “যে ধরনের অভিযোগ করা হচ্ছে, তা মিথ্যা। আসলে রোগীর আত্মীয়রাই প্রথমে দুর্ব্যবহার করেছিলেন। তারপর চিকিৎসক যখন ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন, তখন আবার তাঁকে আটকে রেখে মারধরের চেষ্টা করা হয়। তখনই ওঁদের আটকানো হয়েছিল”। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর।

আরও অন্যান্য খবর