দুধকুমার মণ্ডলের গড়ে সভা শুভেন্দুর, অথচ সভায় থাকছেন না আরএসএস প্রচারক নিজেই, অভিমান নাকি ফের দলবদলের ইঙ্গিত?

বীরভূমে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, শনিবার বিকেলে ময়ূরেশ্বরে সভা রয়েছে বিজেপির (BJP)। কিন্তু সেই সভাতেই থাকবেন না বীরভূমের বিজেপি অন্যতম গুরুত্বপূর্ণ নেতা দুধকুমার মণ্ডল (Dudhkumar Mandal)। তবে তিনি সভায় থাকবেন না, একথা জানাজানি হওয়ার পর থেকে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে জেলা রাজনীতিতে।

বীরভূমে বিজেপির রাজনীতিতে অন্যতম মুখ হলেন দুধকুমার মণ্ডল। বিধানসভার পাশাপাশি লোকসভার প্রার্থীও ছিলেন তিনি। জেলায় বিজেপির সংগঠন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। তবে সম্প্রতি দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। রাজ্য নেতৃত্বের রোষের মুখে পড়েছেন তিনি। এসবের মাঝেই জানা গেল তাঁরই গড়ে শুভেন্দু অধিকারীর সভায় থাকবেন না তিনি।

বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্য় দুধকুমার জানিয়েছেন, “দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আমাকে কোনও সভা-সমিতিতে যেতে নিষেধ করা হয়েছে। পালটা আমিও চিঠিও দিয়েছিলাম। কিন্তু তার কোনও উত্তর মেলেনি। তাই আমি সভায় যাব না”। এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির তরফে।

বলে রাখি, বিজেপির জেলা রাজনীতিতে দুধকুমার মণ্ডলের নাম বেশ গুরুত্বপূর্ণ। তাঁর আমলেই বীরভূমে বিজেপির উত্থান হয়েছে। জেলাজুড়ে গেরুয়া শিবিরের রমরমা তাঁর হাত ধরেই। কিন্তু পুরভোটের সময় তাঁর সঙ্গে আলোচনা না করেই কলকাতা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। সেই কারণে ক্ষোভে সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।

শুধু তাই-ই নয়, এর আগেও দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য নেতৃত্বের অনুরোধে রাজনীতিতে ফেরেন তিনি। তবে সক্রিয় রাজনীতিতে ফেরত এলেও দলের ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে মুখ খোলায় দলেই আপাতত একঘরে হয়েছেন আরএসএসের প্রচারক। 

RELATED Articles