করোনা অতিমারীর জেরে দেশজুড়ে বন্ধ সমস্ত রকম কাজকর্ম। বন্ধ আনন্দ অনুষ্ঠান। বন্ধ যে কোনও রকমের জমায়েত। তাই এই মরসুমে যাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন নয় তাঁদের পিছোতে হচ্ছে বিয়ের তারিখ। নয়তো বিয়ে করতে হচ্ছে সামাজিক দূরত্ব মেনে মাস্ক বেঁধে।
করোনা ভাইরাসের প্রকোপের বিরুদ্ধে এই মুহূর্তে লড়ছে গোটা বিশ্ব। করোনা সংক্রমণ রুখতে ভারতবর্ষে আজ প্রায় দেড় মাস ধরে চলছে লকডাউন। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী চলছে সামাজিক দূরত্ব বজায় রাখা। প্রতিমুহূর্তে দেশে বাড়ছে করোনা সংক্রামণের সংখ্যা। বিয়ের মরশুমে ধুমধাম করে সামাজিক প্রথা মেনে বিয়ে বাড়ির অনুষ্ঠান একেবারেই বন্ধ বলতে গেলে। আর এই রকম পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দির বাজারে দেখা গেল ভিন্ন চিত্র। রাস্তার ধারে দেখা গেল বরের বাইকে চেপে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে নতুন কনে। মন্দিরবাজার থানার অন্তর্গত বর-কনে লকডাউন ও সামাজিক দূরত্ব আইনকে মাথায় রেখেই নিজেরা চার হাত এক করে নিয়েছেন। করোনা আতঙ্কের মধ্যেও এক নতুন জীবনের সাক্ষী হলেন তাঁরা। রীতিমতো মুখে রুমাল বেঁধে বিয়ে সেরেই বরের বাড়ির বাইকে চেপে শ্বশুর বাড়িতে গেলেন বরের সাথে নববধূ।





