আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত করোনা সংক্রমণের জেরে রাজ্যে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞ মহল থেকে বারবার সতর্ক থাকার, মাস্ক পরার বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু এত কিছুর পরও যেন অনেকের মনে সেকথা ঢুকছে না। এই কারণে এবার মানুষ যাতে মাস্ক পরেন, তার জন্য আদাজল খেয়ে মাঠে নামল পুলিশ।
সতর্ক থাকার জন্য পুলিশের তরফে চলছে মাইকিং। কিন্তু তা-ও অসচেতন হওয়ার চিত্র দেখা গিয়েছে। এই কারণে এবার আজ, মঙ্গলবার নাগেরবাজার এলাকায় ধরপাকড় শুরু করল দমদম পুলিশ। মাস্ক না পরে রাস্তায় বেরনোর জন্য আটক করা হল ৫ জনকে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল পুলিশের মূল উদ্দেশ্য। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অনেকেই মাস্ক না পরে রাস্তায় বেরচ্ছেন। অনেকের কাছে আবার মাস্ক রয়েছে, কিন্তু তা পকেটে। অনেকের মাস্ক আবার ঝুলছে থুতনির নীচে যার আদপে কোনও কার্যকারিতা নেই।
এই কারণে বাসিন্দাদের সতর্ক করতে আজ, মঙ্গলবার কড়া হাতে রাস্তায় নামল দমদম থানার পুলিশ। শুধু পথচলতি মানুষদের সতর্ক করাই নয়, এদিন কলকাতার নানান প্রান্তে বাসিন্দাদের মধ্যে মাস্কও বিতরণ করা হয় পুলিশের তরফে।
এই বিষয়ে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায় জানান, “কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানুষ যদি সচেতন না হয়, নিজের পায়ে নিজেই কুড়ুল মারে, তাঁদের মধ্যে বেশিরভাগই শিক্ষিত মানুষ”।
এদিন মাস্ক না পরে রাস্তায় বেরনোর পর পুলিশের হাতে ধরা পড়ে অনেকেই অনেক ধরণের অজুহাত দিতে থাকেন। তবে পুলিশ নিয়ম ভঙ্গকারীদের কড়া বার্তা দিয়েছে। একাধিক ক্ষেত্রে মাস্ক ঠিকঠাক পরার জন্যও বাসিন্দাদের অনুরোধ করে দমদম থানার পুলিশ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার