দু’দিনের নাভিশ্বাস ওঠা গরমের পর আজ এলো প্রাক বর্ষার ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে মিলিয়ে আজ দক্ষিণবঙ্গে চারটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণায় একদম বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির দেখা মিলল সকাল থেকে। বুধবার দিনভর গরম থাকার পর রাতের দিকে আবহাওয়ায় পরিবর্তন হতে শুরু করে। ভোরবেলায় মেঘমুক্ত আকাশ নিমেষেই ঢেকে যায় কালো মেঘে। তারপর সকাল আটটা থেকে শুরু হয় মেঘের গর্জন ও ভারী বৃষ্টি।
আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যে ঢুকে যাবে বর্ষা। তার আগে বুধবার থেকে ভাসবে উত্তরবঙ্গ। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কার কথা এবার পুরোপুরি মিলে গেল। প্রাক বর্ষা যে জাকিয়ে বসেছে এমন আবহাওয়াতেই তা স্পষ্ট। শুক্রবার অর্থাৎ যেদিন বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি সেদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তার আগেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এতে মানুষের স্বস্তির থেকে অস্বস্তির পরিমানই বেশি।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুই জেলায় আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয়বাস্পের পরিমান বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় ছিল। সকালের মতো বেলার দিকেও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টির পরিমান বাড়তে পারে দক্ষিণবঙ্গে।





