শনিবার সকাল সকাল কেঁপে উঠল শহর। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অনুভূত হল কম্পন। বাংলাদেশের ভূমিকম্পের প্রভাব পড়ল এপার বাংলাতেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। ভারতীয় সময় অনুযায়ী, আজ, শনিবার সকাল ৯টা ৫ মিনিটে কেঁপে ওঠে বাংলাদেশ। সেও ভূমিকম্পের রেশ পড়ল এপার বাংলার একাধিক জেলাতেও।
ভূমিকম্পের উৎসস্থল কোথায়?
এদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের কুমিল্লা জেলা। জানা গিয়েছে, মূল শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের এপিসেন্টার। রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব- উত্তরপূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালি, কুষ্টিয়া-সহ নানান প্রান্তে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও অনুভূত এই কম্পন। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া ও নদিয়াতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর মিলেছে। শুধুমাত্র বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গেই নয়, লাদাখের বিস্তীর্ণ এলাকাও এদিন কেঁপে উঠেছে। সেখানে যদিও কম্পনের তীব্রতা বাংলাদেশের তুলনায় অনেকটাই কম, রিখটার স্কেলে ৩.৪।
উল্লেখ্য, গত মাসেই নেপালে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেই কম্পন টের পাওয়া গিয়েছিল কলকাতাতেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। সেই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল এবং কলকাতাও কেঁপে উঠেছিল। তবে আজকের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।





