নবান্নের ১৪ তলায় শুভেন্দুকে আমন্ত্রণ মমতার, কী নিয়ে আলোচনা হবে? যাবেন কী বিরোধী দলনেতা?

নবান্নের ১৪ তলায় আমন্ত্রণ জানানো হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কী নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা জানতে উদগ্রীব সকলেই। জানা গিয়েছে, নবান্নে মানবাধিকার কমিশনের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দুকে।

জানা গিয়েছে, রাজ্য মানবাধিকার কমিশনের এক সদস্য নিয়োগের জন্য বিধি অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ ডিসেম্বর নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ওই বৈঠক আয়োজিত হবে।

সেই বৈঠকেই উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিধানসভার অধ্যক্ষ ও বিধানসভার বিরোধী দলনেতাকে। এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন। বৈঠকের এজেন্ডাও চিঠি মারফত জানানো হয়েছে।

সূত্রের খবর, সাসপেনশন ও দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক বয়কট করতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন, “মুখ্যমন্ত্রী বিধানসভায় গেলে বিজেপি বিধায়করা তাঁকে বয়কট করব”। তিনি জানিয়েছেন, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ‌্য, স্পিকারের প্রতি অসম্মানজনক ব্যবহারের অভিযোগে শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীকেকে সাসপেন্ড করা হয়েছে। তার প্রেক্ষিতে পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিজেপি পরিষদীয় দল। গত মঙ্গলবার শুভেন্দু বলেন, বিজেপি বিধায়করা স্পিকারের কাছ থেকে সংবিধানের নিরাপত্তা পাচ্ছে না। তার পরই এই বৈঠকের স্থান পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বৈঠকের আগেই তিনি নিজের অবস্থান জানাবেন। ফলে রাজনৈতিক মহলের নজর রয়েছে, নবান্নের বৈঠকে শুভেন্দু যান কী না।

RELATED Articles