ভোটের কাজ করতে গেলে আপনাকে নিরপেক্ষ হতেই হবে। কোন বিশেষ দলের প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করা যাবে না। কিন্তু এবার সেই কাজ করেই সাসপেন্ড হলেন এক পোলিং অফিসার।
ষষ্ঠদফা নির্বাচনের প্রাক্কালে বুথের বাইরে ভোটারদের লাইন। শুরু হতে চলেছে ভোটগ্রহণ। ভিতরে তখন চলছে মকপোল। আচমকাই জয় শ্রীরাম বলে উঠলেন পোলিং অফিসার। অদ্ভুত এই ঘটনা ঘটল বর্ধমানের পূর্বস্থলী এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ওই পোলিং অফিসারকে।
আরও পড়ুন-বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন
পূর্বস্থলীর দোলগোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসারের মুখে জয় শ্রীরাম শোনার পর চাঞ্চল্য ছড়ায় বুথেও। এতে আপত্তি জানান তৃণমূলের পোলিং এজেন্ট। নির্বাচনের দায়িত্বে থাকা কোনওভাবেই এজন পক্ষপাতদুষ্ট ব্যক্তির থাকা উচিত নয় বলে সরব হন তৃণমূলের এজেন্ট। ঘটনার কথা বিস্তারিত জানিয়ে নালিশ জানানো হয় কমিশনে। এরপরই ওই বুথের থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ ভট্টাচার্যকে সরিয়ে দেয় কমিশন।






