বনগাঁ দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নাকি বাংলাদেশী নাগরিক! অভিযোগ তুলে নির্বাচন কমিশনে বিজেপি

লোকসভা নির্বাচনে বাংলাদেশি তারকারা তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন। এর ফলে নির্বাচন কমিশনের রোষানলে পড়তে হয় সেই সমস্ত বাংলাদেশি তারকাকে। আর এবার অভিযোগ উঠেছে বাংলাদেশী নাগরিক‌ই নাকি তৃণমূলের হয়ে প্রার্থীপদ পেয়েছেন বিধানসভা নির্বাচনে।‌

অভিযোগ উঠেছে, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলোরানি সরকারের বিরুদ্ধে। এমন গুরুতর অভিযোগ এনেছে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এই ঘটনায় আলোকপাত করে ইতিমধ্যেই স্বপনবাবু নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

যদিও বিজেপির অভিযোগ কার্যত ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। আলোরানিদেবীর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। স্বপনবাবুর বিরুদ্ধে পাল্টা দুর্নীতি এবং সোনা পাচারের অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুন-বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন

প্রসঙ্গত উল্লেখ্য, আলোরানিদেবী আগে বিজেপি করতেন। একটা সময় মুকুলপুত্র শুভ্রাংশুর বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থীও হন তিনি। ২০১৮-র শুরুতে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। বর্তমানে তিনি বীজপুরে থাকেন। এবার দক্ষিণের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির অভিযোগ, আলোরানিদেবীর আদিবাড়ি বাংলাদেশের বরিশালে। তাঁর স্বামী হরেন্দ্রনাথ সরকার বাংলাদেশের একজন চিকিৎসক। মনোনয়নপত্র জমা জমা দেওয়ার সময় আলোদেবী তাঁর স্বামীর তথ্য গোপন করেছেন বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের দাবি, তৃণমূল প্রার্থী আলোরানি সরকার ভারত ও বাংলাদেশের নাগরিক। স্বপনবাবুর প্রশ্ন, দুদেশের নাগরিক হয়ে কীভাবে ভোটের লড়ছেন তিনি? নির্বাচন কমিশনের আলোরানির প্রার্থীপদ খারিজের আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন-WB Election 2021: সকাল সকাল ভোট যুদ্ধে সামিল মুকুল রায়, কাঁচরাপাড়ায় ভোট দিলেন বিজেপি প্রার্থী

বিরোধী বিজেপি প্রার্থীর এহেন অভিযোগ সাংবাদিক সম্মেলন করে খারিজ করে দেন আলোরানী দেবী।  সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, জন্মসূত্রে আমি হুগলির মানুষ। সেখানেই বড় হয়েছি। পড়াশুনাও সেই জেলাতেই। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপি প্রার্থী স্বপন মজুমদার মনোনয়নপত্রে জাল শংসাপত্র দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। দুর্নীতি এবং সোনা পাচারের সঙ্গেও যুক্ত বিজেপির প্রার্থী। 

RELATED Articles