জন্মদিনের পরদিনই বিপদে অভিষেক, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূল নেতাকে তলব ইডির, আগামীকালই হাজিরার নির্দেশ

পুজোর পর ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার ইডি তলব করল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীকাল, বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

হাজিরা কী দেবেন অভিষেক?

তৃণমূল সূত্রে খবর, অভিষেক এই তলবে সাড়া দেবেন। আগামীকাল সিজিও কমপ্লেক্সে যাবেন তিনি। এর আগে কয়লা দুর্নীতি ও নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেককে তলব করা হয়েছিল একাধিকবার। তাঁর গোটা পরিবারকেই হাজিরার নোটিশ পাঠিয়েছিল ইডি। তৃণমূলের দাবী, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বারবার হেনস্থা করা হচ্ছে অভিষেককে।

এর আগে কয়লা দুর্নীতি কাণ্ডে দিল্লিতে গিয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার সিজিও কমপ্লেক্সেও হাজিরা দিয়েছেন তিনি। হাজিরা দিয়েছিলেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। আবার নিয়োগ দুর্নীতিতে ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর নাম জড়ায় অভিষেকের।

অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সেই সূত্রেই নিয়োগ দুর্নীতির জেরে একাধিকবার তলব করা হয়েছে অভিষেককে। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলাকালীন তাঁকে তলব করেছিল ইডি। সেই সময় হাজিরা দিয়েছিলেন তিনি। মাস খানেক আগে তাঁর বাবা, মা ও স্ত্রীকেও নোটিশ পাঠায় ইডি। স্ত্রী রুজিরা হাজিরা দিলেও, হাজিরা দেন নি অভিষেকের বাবা-মা।

প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার ছিল অভিষেকের জন্মদিন। এদিন হাসিমুখে জনসংযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এরপরই এল নিয়োগ দুর্নীতিতে তলব। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবী করছে তৃণমূল।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বলেন, “নিয়োগ দুর্নীতি মামলায় যতবারই অভিষেককে ডাকা হয়েছে, তদন্তে সবরকম সহযোগিতা করেছেন তিনি। কিন্তু জন্মদিনের পরই আবারও তাঁকে ডেকে রাজনৈতিক প্রতিহিংসাই চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে”।

আরও অন্যান্য খবর