গতকাল, শুক্রবার রাত থেকেই এই নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছিল বটে। অবশেষে সকাল হতে সেই জল্পনাই সত্যি হল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতির জেরেই এই গ্রেফতারি।
সূত্রের খবর অনুযায়ী, আজ, শনিবার সকালেই পার্থর বাড়িতে ফের হানা দেয় ইডি। গ্রেফতারি মেমোয় স্বাক্ষর করানোই ছিল। এরপরই রাজ্যের মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পার্থকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
এই এসএসসি নিয়োগ দুর্নীতি ও পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারির পর আরও তদন্ত চালাচ্ছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডি শীর্ষ আধিকারিকরা বৈঠক করছেন এই বিষয় নিয়ে।
গতকাল, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২০ কোটির বেশি টাকা। এরপর থেকেই জল্পনা চলছিল পার্থর গ্রেফতারি নিয়ে। ইডির কথায়, পার্থ চট্টোপাধ্যায় জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করেন নি। এবার এই ঘটনার মোড় কোনদিকে যায়, এখন সেটাই দেখার।
বলে রাখি, শেষ পাওয়া খবর অনুযায়ী, পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছে ইডি।





