গতকাল সন্ধ্যের পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে যা যা কাণ্ড চলছে, তা যেন যে কোনও সিনেমার প্রেক্ষাপটকেও হার মানাবে। এই গল্প নিয়ে সিনেমা তৈরি হলে বক্স অফিস যে কাঁপবে, তা বলাই বাহুল্য। আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে দু’জন। একজন হলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অন্যজন হলেন মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। প্রথমজনকে রাজ্যবাসী ভালোভাবে চিনলেও, পরেরজনের সম্পর্কে একটু জানা যাক।
তবে তার আগে জেনে নেওয়া যাক ঠিক কী কারণে এই অর্পিতা মুখোপাধ্যায় এমন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন?
গতকাল শুক্রবার সকাল থেকেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জন্য ১৪টি জায়গায় তল্লাশি শুরু করে ইডি। এসএসি নিয়োগ অনিয়ম মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন পার্থকে জিজ্ঞাসাবাদও চালায় ইডি। জেরা চলে কয়েক ঘণ্টা ধরে। জানা গিয়েছে, এদিন বিভিন্ন জায়গায় ইডি অভিযান চালালেও প্রথমে তারা অর্পিতার বাড়িতে যাননি। তবে সন্ধ্যায় ইডি আধিকারিকদের একটি দল অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালায় আর সেখান থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি টাকা।
ইডির আধিকারিকদের অনুমান, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বেআইনি টাকা পার্থ লুকিয়ে রেখেছিলেন তাঁর ঘনিষ্ঠ এই অর্পিতার বাড়িতেই। এই ঘটনার পর আজ, শনিবার সকালেই এসএসসি মামলায় ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। এই বিপুল টাকা উদ্ধারের জেরে গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। কিন্তু আসলে এই অর্পিতা মুখোপাধ্যায় আসলে কে?
এই অর্পিতা মুখোপাধ্যায় হলেন একজন মডেল ও অভিনেত্রী যিনি ২০০৭ সালে একটি তামিল ছবিতে কাজ করেছিলেন। ছবির নাম চিন্নামা লাভ। এছাড়াও জিৎ-স্বস্তিকা অভিনীত ‘পার্টনার’ ছবিতেও সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন অর্পিতা। কাজ করেছেন ‘জোর যার মুকুল তার’ ছবিতেও। বাংলা ছবির পাশাপাশি ওড়িয়া ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। ২০০৯ সালে ওড়িয়া ছবি ‘প্রেম রোগী’তে নায়িকা ছিলেন অর্পিতা। পরে ২০১০ সালে ওড়িয়া ছবি ‘তোরা মোরা জোড়ি সুন্দরা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা।
কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ কীভাবে? যদিও এই প্রশ্নের কোনও সদুত্ত মেলেনি। ইডি সূত্রেও এই বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে রাজনৈতিক সূত্রের খবর, নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর সূত্র ধরেই আলাপ পার্থ ও অর্পিতার। নাকতলা উদয়ন সংঘের পুজোকে পার্থ চট্টোপাধ্যায়ের পুজোই বলা যেতে পারে। গত বছর এই পুজোর মডেল হয়েছিলেন অর্পিতা। একাধিক ছবিতে পার্থ ও অর্পিতাকে একসঙ্গে দেখা গিয়েছে। পার্থ ও অর্পিতার ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জনও রয়েছে বলে খবর।
অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই অভিযোগ যখন উঠছে সেই সময় এই নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি একটি টুইটে লিখেছেন, “ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে”।





