নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার কোটি টাকার লেনদেন, ‘শিক্ষাব্যবস্থা দেখে রবীন্দ্রনাথও কাঁদছেন’, মন্তব্য ইডির

শিক্ষাব্যবস্থায় দুর্নীতি প্রসঙ্গে এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করলেন ইডির আইনজীবী। রাজ্যের শিক্ষাব্যবস্থা দেখে কবিগুরুও নিঃশব্দে চোখের জল ফেলছেন, এমনটাই দাবী করলেন তিনি। আজ, শনিবার নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলার শুনানিতে উঠে আসে গরু পাচারের প্রসঙ্গও। অয়নের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে।

শনিবার নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলার শুনানি ছিল। এদিন আদালতে সওয়াল-জবাব চলাকালীন ইডির আইনজীবী বলেন, “পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার হাল দেখে নিঃশব্দে কাঁদছেন কবিগুরু। তাঁর হৃদয় বিদীর্ণ”।

এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়ের প্রসঙ্গ টেনে আনেন ইডি-র আইনজীবী। বলেন, এতদিন বিশ্বভারতীর জন্য বিশ্বখ্যাত ছিল বীরভূম। এখন দু’টি ‘C’-এর জন্য বেশি পরিচিত সেই জেলা। এখানে দু’টি সি বলতে দুর্নীতি (Corruption) ও গরু পাচার (Cattle Smuggling)-এর উল্লেখ করেছেন ইডি-র আইনজীবী।

এদিন ইডি-র আইনজীবী আরও বলেন, “কবিগুরু চেয়েছিলেন শিক্ষায় পূর্ব-পশ্চিমের মেলবন্ধন ঘটবে। কিন্তু এক্ষেত্রে বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে”।

তাঁর কথায়, “কেলেঙ্কারি এমন উচ্চতায় পৌঁছেছে যে বাংলার শিক্ষাব্যবস্থা গতিরুদ্ধ হয়েছে। আইনজীবীর সংযোজন, “বাংলার শিক্ষাব্যবস্থাকে নরকের দিকে এগিয়ে যেতে দেখে নিঃশব্দে কাঁদছেন কবিগুরু”।

এদি আদালতে ইডি-র আইনজীবী দাবী করেন, অয়ন শীলের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০০০ কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে। প্রায় এক হাজার জনের থেকে নিয়োগের নাম করে তিনি কোটি কোটি টাকা তুলেছেন। এদিনের শুনানির শেষে অয়ন শীলকে ১১ই এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

RELATED Articles