সামনেই লোকসভা নির্বাচন। এর আগেই এক বড়সড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল। চিটফান্ড কাণ্ডে তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, সোমবার বিকেলে এক বিবৃতি দিয়ে এক্তহ জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
কী জানানো হল ইডির তরফে?
আজ, সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ একটি বিবৃতি জারি করে ইডি। সেই বিবৃতিতে বলা হয়েছে, “তৃণমূল কংগ্রেসের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যালকেমিস্ট গ্রুপের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে যে তদন্ত চলছে, তারই সূত্র ধরে এই টাকা আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ওই টাকার লেনদেন হয়েছিল”।
প্রসঙ্গত, আজ, সোমবারই বিকেলে জানা যায়, সিএএ নিয়ে কোনও এক ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকত্ব সংশোধনী আইনের নতুন নিয়ম জারি হয়েছে এদিন। এই ঘোষণার কিছুক্ষণ আগেই এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে বিরোধিতার কথা জানান তিনি। আর তারই মধ্যে এল ইডির এই বিবৃতি।
বলে রাখি, অ্যালকেমিস্টের যিনি কর্ণধার সেই কে ডি সিং একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। রোজভ্যালি, সারদার মতো এই এই অ্যালকেমিস্টের বিরুদ্ধেও চিটফান্ড দুর্নীতির অভিযোগ ওঠে। এতে নাম জড়িয়েছিল তৃণমূল নেতা মুকুল রায়েরও। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ঘটনায় সিবিআই তদন্ত শুরু হয়।
ইডি যে পদক্ষেপ নিয়েছে, তা যে লোকসভা ভোটের আগে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ইডির এই বিবৃতির পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইডির এই পদক্ষেপের প্রশংসা করেন। তবে তিনি এও জানান, তাঁর অনুমান, এই পরিমাণ টাকা হিমবাহের চূড়াও নয়, এক টুকরো বরফ মাত্র। এই ১০ কোটি টাকা আসলে ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা তাঁর।





