কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। এক রিয়েল এস্টেট সংস্থার ডিরেক্টর থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগেই এবার আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে নুসরতকে তলব করল ইডি।
কী অভিযোগ ছিল নুসরতের বিরুদ্ধে?
ফ্ল্যাট তৈরি করার নামে সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থার মাধ্যে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। এই প্রতারণার টাকায় তিনি নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ। ২০১১ সালে কোম্পানিটির পত্তন হয়। ২০১৪ সাল নাগাদ সেই কোম্পানি অন্যতম অধিকর্তা তথা ডিরেক্টর ছিলেন বাংলা ছবির প্রথম সারির অভিনেত্রী নুসরত। ওই সংস্থায় নুসরতের পাশাপাশি অন্যতম ডিরেক্টর ছিলেন রাকেশ সিং নামে এক ব্যবসায়ী। নুসরতের পাশাপাশি তাঁকেও তলব করেছে ইডি।
কী দাবী ছিল সাংসদ-অভিনেত্রীর?
এমন বিতর্কের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছিলেন নুসরত। তিনি আরও দাবী করেন, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড থেকে তিনি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নিয়েছিলেন। পরবর্তীতে তিনি তা সুদ সমেত ফিরিয়ে দিয়েছেন। এই লেনদেন নথি তাঁর কাছে রয়েছেন বলেও দাবী করেছিলেন অভিনেত্রী। এর পাশাপাশি তাঁর আরও দাবী ছিল, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন।
তবে একজন কোম্পানির ডিরেক্টের এভাবে কোনও কোম্পানি থেকে ঋণ নিতে পারেন না। তা নিয়মসঙ্গত নয়। তাই পাল্টা প্রশ্নের মুখে পড়েন নুসরত। তা ছাড়া রাকেশ সিং আবার দাবী করেন, তাদের সংস্থা নুসরতকে কোনও ঋণ দেয়নি। নুসরত টাকা তুলেছিলেন। উল্টে রাকেশ সিংয়ে এও দাবি নুসরতের বোনের পড়াশুনার খরচও বহন করেছে ওই সংস্থা।
নুসরতের এই বিষয়টি নিয়ে প্রথম সরব হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এরপর একাধিক বিজেপি নেতা সরব হন নুসরতের বিরুদ্ধে।
সেই সময় এক অনুষ্ঠানে নুসরতের বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেতা যশ দাশগুপ্ত। জবাবে অভিনেতা সাফ জানান, “কে কী বলছে কিছু যায় আসে না। আদালত যেটা বলবে শেষ পর্যন্ত সেটাই মানতে হবে। তাই তার জন্যই অপেক্ষা করা উচিত। তার পরে না হয় আমরা উত্তর দেব। তবে ইডি ওকে ডাকবে না”। কিন্তু যশের সেকথা খাটল না। আগামী মঙ্গলবার নুসরতকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।





