ফের একবার চর্চার শীর্ষে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। এবার দেবকে দিল্লিতে তলব করল ইডি। জানা গিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে দেবকে তলব করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। আগামী ২১ ফেব্রুয়ারি দেবকে দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত নথি নিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে তৃণমূল সাংসদকে।
বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে বেশ চর্চিত নামটি হল দেব। আচমকাই ঘাটালের তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন দেব। এরপরই তাঁর রাজনীতিতে ভবিষ্যৎ নিয়ে ওঠে প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগে শেষ অধিবেশনে সংসদে দাঁড়িয়ে দেব বলেছিলেন যে সেদিনই তাঁর সংসদে শেষ দিন ছিল। এর ফলে তাঁর তৃণমূল ছাড়া নিয়ে শুরু হয় জল্পনা।
গত শনিবার ক্যামাক স্ট্রীটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন দেব। দুই পক্ষের বৈঠকের পর জানা যায় যে দেব ফের ঘাটালের প্রার্থী হবেন। দেব সেদিন বলেছিলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি তাঁকে ছাড়তে চাইছে না। এরপর তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
গত সোমবার মমতার সঙ্গে আরামবাগের সভাতেও দেখা মেলে দেবের। সেদিন মুখ্যমন্ত্রী জানান, ঘাটালের মাস্টারপ্ল্যান এবার বাস্তবায়িত করবে রাজ্য সরকারই। কারণে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। এই ঘোষণা করে মমতা জানান, দেবের আবদারেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
দেব যে ফের ঘাটালের প্রার্থী হবেন, তা দেব ইঙ্গিত দিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেন যা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল বটে। গত রবিবার শুভেন্দুকে দেবকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “ইডি আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু এখনও মেটে নি”। তাঁর সেই মন্তব্যের চারদিনের মধ্যেই দেবকে তলব করল ইডি। যা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও দেবের ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি বলেছেন, যতবার তাঁকে তলব করা হবে, তিনি ততবার হাজিরা দিতে রাজি।





