ফের বড় বিপাকে মমতার আরও এক মন্ত্রী। ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশি হয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর মোবাইলও। এবার সেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হাজিরার নোটিশ পাঠাল ইডি।
কেন এই নোটিশ?
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের আরও এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। তাঁর বিরুদ্ধে নানান তথ্য উঠে এসেছে। গত ২২ মার্চ শুক্রবার সকালে মন্ত্রীর বোলপুরের নিচুপট্টি এলাকার বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। ইডি হানা দেওয়ার পরই তাঁর বাড়ির সামনে জমতে থাকে তাঁর অনুগামীদের ভিড়। বাড়ির বাইরে পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সেই সময় তাঁর বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। তাদের জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। সেই সময় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছিলেন মুরারইয়ে গ্রামের বাড়িতে। তাঁর বাড়িতে ইডি এসেছে শুনে তিনি প্রায় পাঁচ ঘণ্টা পর পৌঁছন বোলপুরের বাড়িতে।
মুরারই থেকে বোলপুর আসতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে যাওয়া নিয়েও ওঠে প্রশ্ন। সাংবাদিকদের প্রশ্নের মুখে সেই সময় চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) বলেছিলেন, “আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি”। এদিন প্রায় ১৪ ঘণ্টা ধরে তাঁর বাড়ি তল্লাশি চালায় ইডি। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় ৪১ লক্ষ নগদ টাকা। তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়। সেই মোবাইল থেকে নানান তথ্য তালাশের জন্যই তাঁকে তলব করেছে ইডি।
জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে নাম পাওয়া গিয়েছে চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। অভিযোগ, অন্তত ১০০ জন অযোগ্য প্রার্থীর নাম কুন্তলের কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী। এই প্রার্থীদের চাকরির বিনিময়ে মোটা টাকা নেওয়া হয়েছে।






