এবার ইডি-র স্ক্যানারে এলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল তাঁর। তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। চলতি সপ্তাহের শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবারই ইডি তাঁকে এই নিয়ে নোটিশ পাঠিয়েছে বলে খবর।
গত এক বছরে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক শাসক দলের নেতানেত্রীদের নাম জড়িয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় বর্তমানে জেলবন্দি। নাম জড়িয়েছে শিক্ষা দফতরের একাধিক আধিকারিকের। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই তদন্তে উঠে এসেছে সায়নীর নাম।
সূত্রের খবর, কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করার সময়ই অভিনেত্রীর সঙ্গে যোগসূত্রের বিষয়টি উঠে এসেছে বলে দাবী ইডি-র। কয়েকটি সম্পত্তি কেনাবেচার ঘটনায় তৃণমূলের যুবনেত্রীর নাম জড়িয়েছে বলে জানা গেছে। আগামী শুক্রবার বেলা ১১ টায় বেশ কিছু নথি নিয়ে সায়নীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, কুন্তলের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত সোমবারই অভিযুক্ত কুন্তল ঘোষের স্ত্রী ও শ্যালককে নিজাম প্যালেসে তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা চিঠির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাদের তলব করা হয়েছিল বলে খবর। এবার ডাক পড়ল সায়নীরও।
বলে রাখি, এই নিয়োগ দুর্নীতি মামলায় গত মাসেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ছিলেন তিনি। কর্মসূচি মাঝপথে থামিয়েই কলকাতা আসেন হাজিরার জন্য। এই নিয়ে কেন্দ্রীয় সংস্থাকে কটাক্ষ করতেও ছাড়েন নি অভিষেক।





