ভোটের মধ্যেই বড় বিপাকে তৃণমূল। এবার আইকোর মামলায় তলব পড়ল মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি তৃণমূল নেতা মানস ভুঁইয়াকে ডেকে পাঠিয়েছে ইডি।
কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। আগামীকাল, ১৭ই এপ্রিল এই কেন্দ্রে ভোট। ফলত, এমনিতেই বেশ চাপের মধ্যেই রয়েছেন তৃণমূল নেতা। এর উপর ছেলেকে ইডির তলবকে কেন্দ্র করে আরও কিছুটা চাপের মুখে মদন মিত্র। জানা গিয়েছে, আগামী ২৩শে এপ্রিল স্বরূপ মিত্রকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন- বিজেপি নেতাকে ব্যাপক মারধর, পরে মুখে প্রস্রাব, অভিযোগের তীর তৃণমূলের দিকে
উল্লেখ্য, সম্প্রতি, আইকোর মামলার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয় হয় আইকোর প্রধান প্রয়াত অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে স্বরূপ মিত্রের নাম। এছাড়াও, এই জিজ্ঞাসাবাদে আরও অনেক রাজনৈতিক নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, এই মামলায় তদন্তে নেমে ইডির হাতে এসেছে একটি ভিডিও ফুটেজ। সেই ভিডিওতে দেখা গিয়েছে তৃণমূল নেতা মানস ভুঁইয়াকে। আইকোরের এই অনুষ্ঠানে মানস ভুঁইয়া কেন উপস্থিত ছিলেন, সে বিষয়ে জানতে চায় ইডি। এরই সঙ্গে আইকোরের সঙ্গে তাঁর কোনও লেনদেন হয়েছিল কী না, সে বিষয়েও তাঁকে প্রশ্ন করা হবে। মানস ভুঁইয়াকে আগামী ১৯শে এপ্রিল হাজিরা দিতে বলা হয়েছে ইডির দফতরে। কণিকা মাইতিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সমন পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও।
আরও পড়ুন- বাঙালিদের বৈশাখি শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, উচ্ছ্বসিত প্রবাসী বাঙালি
প্রসঙ্গত, ২০১৭ সালে বাজার থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ ওঠে আইকোর সংস্থার উপর। এই মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন সংস্থা প্রধান অনুকূল মাইতি। হেফাজতে থাকাকালীন ওড়িশার জেলেই তাঁর মৃত্যু হয়।





