WB Election 2021: শীতলকুচি ঘটনায় বিতর্কিত মন্তব্যের জের, বিজেপি নেতা সায়ন্তন বসুকে নোটিস কমিশনের

এবার পালা সায়ন্তন বসুর। শীতলকুচি ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় এবার অন্য এক বিজেপি নেতা সায়ন্তন বসুকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। এই ঘটনার পরদিন এক জনসভায় তিনি বলেন, “শোলে ছবিতে এক ডায়লগ আছে, তোমরা একটা মারলে আমরা চারটে মারব। শীতলকুচিতেও তাই-ই হয়েছে”। এই মন্তব্যের জেরে বিজেপি নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিল কমিশন।

জানা গিয়েছে, কমিশনের তরফে সায়ন্তন বসুকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শীতলকুচি নিয়ে সায়ন্তন বসুর মন্তব্য উস্কানিমূলক, এমন অভিযোগ আনা হয় তৃণমূলের তরফে। এই অভিযোগ খতিয়ে দেখতেই কমিশন এই নোটিস পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ভোটের আগেই বিপাকে তৃণমূল! আইকোর মামলায় এবার ডাক শাসকশিবিরের দুই হেভিওয়েটের

রাজ্যে চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। এই ঘটনা নিয়ে নির্বাচনী প্রচার মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে শীতলকুচির জোরপাটকিতে যারা মারা গিয়েছে, তারা আসল সেই বুথের ভোটার নন। তারা ভোট লুঠ করতে এসেছিল। তিনি এও বলেন যে বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। তাঁর এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করে। এই ঘটনায় দিলীপ ঘোষকে ২৪ ঘণ্টার জন্য ভোট প্রচার থেকে ব্যান করে কমিশন।

আরও পড়ুন- বিজেপি নেতাকে ব্যাপক মারধর, পরে মুখে প্রস্রাব, অভিযোগের তীর তৃণমূলের দিকে 

শীতলকুচি ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে কমিশন। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল। এরপরই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে নির্বাচন কমিশন।

RELATED Articles