ভয়ঙ্কর! রোগীর উপরই ভেঙে পড়ল সিলিং, হাসপাতালের এমন ঘটনায় আতঙ্কিত বাকি রোগীরা

রোগীর উপরই ভেঙে পড়ল ওয়ার্ডের ফলস সিলিং। এর জেরে আহত হলেন এক রোগী। এমন ঘটনা ঘটায় প্রবল আতঙ্ক ছড়ায় হাসপাতালে। স্বাস্থ্য আধিকারিকরা পৌঁছন সেখানে। জানা গিয়েছে, ওই ওয়ার্ডে যে চিকিৎসক দায়িত্বে ছিলেন, তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে সমস্ত ফলস সিলিং খুলে দিয়েছেন।

কী ঘটেছিল গোটা ঘটনাটি?

এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সিউড়ি সদর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, এই হাসপাতালে পেটে ব্যাথা নিয়ে ভর্তি হন ঝাড়খণ্ডের সুড়ঙ্গ গ্রামের এক মহিলা। ইউএসজি করানোর জন্য আজ, সোমবার সকালে ওই হাসপাতালের পাঁচতলায় আইসোলেশন ওয়ার্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওয়ার্ডের ফলস সিলিং।  

এই ঘটনার জেরে বেশ জখম হন ওই মহিলা। মহিলার এক আত্মীয় জানান, “হঠাৎ দেখলাম উপর থেকে খসে পড়ছে। খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমাদের রোগী তো থরথর করে কাঁপছিল। তখন ইউএসজি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে কিছু বলতে পারিনি। কিন্তু এখন আমরা ভাবছি, এই হাসপাতালে রোগীকে রাখব কি না”।

অন্য এক রোগী এই ঘটনায় জানান, “আমি ওখানে বসেছিলাম। আচমকা দেখলাম, ফলস সিলিংটা একদিক থেকে খুলে পড়ছে। তারপর তো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম”।

এমন দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যান সিএমওএইচ হিমাদ্রি আড়ি। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, “এই ঘটনার পর ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আর আর গঙ্গোপাধ্যায় রোগীদের সুরক্ষার স্বার্থে নিজে দায়িত্ব নিয়ে ফলস সিলিং খুলে ফেলেছেন। আর বিপদের চিন্তা নেই”। তবে স্বাস্থ্য আধিকারিকরা যতই বলুন না কেন যে কোনও বিপদ আর নেই, তবুও রোগী বা তাদের পরিজনের মন থেকে আতঙ্ক যেন কিছুতেই কাটছে না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles