‘ও তো লুটের মাস্টার, পাবলিক সার্ভিস কমিশনটা লুঠ করেছে’, বালু গ্রেফতারির পর এবার তাঁর দাদার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করলেন শুভেন্দুর

রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর গ্রেফতারির পর থেকেই ইডির নজরে রয়েছে তাঁর পরিবার। ইতিমধ্যেই তাঁর মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করেছিল ইডি। এরপর তলব পড়ে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকেরও। এবার বালুর দাদার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, সোমবার সিজিও কমপ্লেক্সে যান দেবপ্রিয় মল্লিক। সেখান থেকে বেরোনোর সময় তিনি জানান, তিনি একটি চিঠি দিতে এসেছিলেন। কীসের চিঠি, তা অবশ্য তিনি জানান নি। এরপরই শুভেন্দু বোমা ফাটিয়ে দাবী করেন দেবপ্রিয় পাবলিক সার্ভিস কমিশন লুট করেছেন। ২০১২ সালে পিএসসি-র সদস্য হন তিনি কিন্তু তিনি সরকারি কর্মচারীই নন। কীভাবে সরকারি কর্মচারী না হয়েও পিএসসি-র সদস্য হলেন মন্ত্রীর দাদা, সে নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

কী অভিযোগ শুভেন্দুর?

শুভেন্দু বলেন, “পাবলিক সার্ভিস কমিশনটা লুঠ করেছে তো! উনি (দেবপ্রিয়) পিএসসির দীর্ঘদিনের মেম্বার, দু নম্বরির মাস্টার! ১৫ থেকে ১৮ সাল পর্যন্ত বিডিও নিয়োগে যে বেনিয়ম হয়েছিল, তাতে মন্ত্রীর দাদা যুক্ত ছিলেন। সঠিক তদন্ত হলেই সব সামনে আসবে”।

২০১৬ সালের শেষের দিকে দেবপ্রিয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদ ছেড়ে দিয়েছিলেন। এদিন সেকথা মনে করিয়ে দেবপ্রিয় বলেন, “পিএসসিতে ৫ জনের কমিটিতে ছিলাম। একা কোনও সিদ্ধান্ত নেওয়া হত না”। শুভেন্দুর নাম না করে তিনি আরও বলেন, “যিনি অভিযোগ করছেন, তিনি আগে ভাল করে জানুন। তাছাড়া এটা হলদিয়া নয়, যে লুঠ হবে”।

শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু যদি এতই প্রতিবাদী, তাহলে তৃণমূলে থাকতে প্রতিবাদ করেননি কেন”? প্রসঙ্গত, এই পিএসসি নিয়োগ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের বক্তব্য, সরকারি কর্মী না হয়েও অনেকেই পিএসসির সদস্য হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার ইন্টারভিউও নিয়েছেন বলেও অভিযোগ। 

RELATED Articles