পুজোর মুখেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, প্রবল দুর্যোগের আশঙ্কা, উইকেন্ডে পুজোর শপিংয়ের প্ল্যানে পড়বে জল

দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। এরই মধ্যে আকাশের মুখভার। গত কয়েকদিন ধরে রোদের দেখা মিললেও ফের দুর্যোগের আশঙ্কা ঘনাচ্ছে। প্রবল বৃষ্টির জেরে সপ্তাহান্তে শপিংয়ের প্ল্যানে বাধা সৃষ্টি হতে পারে।

আজ, শুক্রবার সকাল থেকেই আকাশের মুখভার। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। এর জেরে আজ থেকেই জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে।

কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবার বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই। এর জেরে আজ, শুক্রবার থেকেই বঙ্গে আবহাওয়া বদলাতে শুরু করবে।

জানা যাচ্ছে, এদিন দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের নানান জেলাগুলিতে শনিবার থেকেই বাড়বে বৃষ্টির পরিমান। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা।

আজ, শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬২ থেকে ৯৩ শতাংশ। কলকাতায় শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার কী খবর?

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু তাই-ই নয়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডেও শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্নাটক, গোয়া এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles