শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে নির্ঝঞ্ঝাটভাবে কম সময়ে যাতায়াত করার জন্য মেট্রোর জুড়ি মেলা ভার। স্কুল, কলেজ, অফিসের ব্যস্ত সময়ে সময় বাঁচানোর জন্য মেট্রোর থেকে ভালো গণ পরিষেবা আর হয়না। কিন্তু এবার মেট্রো যাত্রীদের জন্য এল বড় দুঃসংবাদ। ভাড়া বাড়তে চলেছে কলকাতা মেট্রোর।
এখন মেট্রোতে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। এবার বাড়তে চলেছে খরচ। চলতি মাস থেকেই এবার মেট্রোতে যাতায়াত করতে আরও বেশ খানিকটা টাকা গুনতে হবে যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এবার থেকে মেট্রোতে চড়তে গেলে আরও ১০ টাকা বেশি খরচ হবে যাত্রীদের। আর তা জেনে বেশ মন খারাপ সকলের।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রাতে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাত সাড়ে ১০টার পর মেট্রো পরিষেবা শুরু করা হয়েছিল। দমদম ও কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়ে মেট্রো। কিন্তু মেট্রো সূত্রে খবর, সেই সময়ের মেট্রোতে নাকি লোকসান হচ্ছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের মতে, রাতের এই মেট্রোতে রাত থেকে অফিস থেকে ফেরা যাত্রীরাই ওঠেন মূলত। ফলে সেভাবে খুব একটা ভিড় থাকে না মেট্রোতে। আবার অনেক স্টেশনেই সেই সময় অনেক গেটই বন্ধ হয়ে যায়। ফলে অনেকেই প্রবেশদ্বার খুঁজে না পেয়ে ফিরে যান। এর ফলে যাত্রীর দেখা মেলে না। এই বিশেষ পরিষেবা চালু করার কুড়ি দিন পর দেখা যাচ্ছে, এই রাতের মেট্রোতে আপ-ডাউন মিলিয়ে দুটি মেট্রোয় দিনে গড়ে ৬০০ জন করে যাত্রী হচ্ছে। টিকিট থেকে রোজগার হচ্ছে ৬০০০ টাকা।
আরও পড়ুনঃ
এই কারণেই তাই মেট্রোতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। শুধুমাত্র এই রাতের মেট্রোর জন্যই ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই রাতের মেট্রোতে ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন ভাড়ার উপর আরও ১০ টাকা করে বেশি খরচ হবে এবার রাতের মেট্রোতে সফর করতে গেলে। ১০, ১৫, ২০, ও ২৫ টাকার ভাড়ার ক্ষেত্রে এই ভাড়া বৃদ্ধি হল বলে খবর।





