ক্যানিং লোকালের মহিলা কামরায় সিট নিয়ে চুলোচুলি, বেধড়ক মারধর সহযাত্রীদের, ট্রেনে মাথা ফাটিয়ে সোজা হাসপাতালের বেডে ২ নাবালিকা

লোকাল ট্রেনের মধ্যে ঝামেলা, ঝগড়াঝাঁটি নতুন কোনও ঘটনা নয়। মহিলা কামরায় ঝামেলা বেশি দেখা যায়। ভিড় ট্রেনে সিটে বসা নিয়ে ঝামেলা, চুলোচুলির ঘটনা নেহাতই কম নয়। মারধরও চলে। এবার ক্যানিং লোকালে এমন এক ঘটনা ঘটল, যা সত্যিই মর্মান্তিক।

ডাউন ক্যানিং লোকালে ঘটে গেল এক ধুন্ধুমার কাণ্ড। দুই নাবালিকাকে চুলের মুঠি ধরে সিট থেকে তুলে দেওয়ার অভিযোগ ওঠে দুই মহিলা সহযাত্রীর বিরুদ্ধে। দুই নাবালিকাকে এমন মারধর করা হয় যার জেরে হাসপাতালে ভর্তি হয়েছে তারা।

কী ঘটেছিল ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের পিয়ালি স্টেশনে। শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল রওনা দেয়। সেই ট্রেনে দুই মেয়েক নিয়ে এক মহিলা উঠেছিলেন। দুই মেয়ের মধ্যে একজন পড়ে চতুর্থ শ্রেণীতে আর অপরজন দশম শ্রেণীর ছাত্রী। সুন্দরবনের গোসাবার বাসিন্দা তারা। ট্রেনে উঠেই বসার জায়গা পেয়ে গিয়েছিলেন মা ও দুই মেয়ে।

অভিযোগ, ট্রেন শিয়ালদহ থেকে ছাড়তেই দুই মহিলা যাত্রী ওই দুই নাবালিকাকে সিট ছেড়ে দিতে বলেন। তাতে রাজি হয়নি দু’জনেই। এরপরই তাদের অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে থাকেন দুই মহিলা সহযাত্রী। নাবালিকাদের মা এর প্রতিবাদ করতেই শুরু হয় ঝামেলা। অভিযোগ, দুই নাবালিকার চুলের মুঠি ধরে তাদের সিট থেকে উঠিয়ে দেন দুই মহিলা সহযাত্রী। এরপরই বেধড়ক মারধর করা হয় তাদের।

দুই নাবালিকাকে ট্রেন থেকে নামিয়ে  বারুইপুরের এক নার্সিং হোমে পাঠানো হয়। এরপর তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। গোটা ঘটনার অভিযোগ করা হয়েছে ক্যানিং পুলিশে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে খবর।  

RELATED Articles