সীতার অবস্থাও হাথরাসের নির্যাতিতার মতোই হত! সীতা ও রামভক্তদের নিয়ে কুরুচিকর মন্তব্যের কারণে এফআইআর দায়ের কল্যাণের বিরুদ্ধে

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রামায়ণের সীতা ও রামভক্তদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায়। তাঁর এই মন্তব্যের কারণে হাওড়ার গোলাবাড়ি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

একটি পদযাত্রায় অংশ নেওয়ার সময় রামায়ণের সীতা ও রামভক্তদের নামে কুরুচিকর মন্তব্য করেন তিনি। বলেন, “সীতাও রামকে বলেছেন যে আমি রাবণের কাছে কৃতজ্ঞ যে তিনি আমায় অপহরণ করেছিলেন। নাহলে তোমার এই ‘জয় শ্রী রাম’ বলা ভক্তেরা আমায় অপহরণ করত, আর আমার অবস্থাও উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার মতোই হত”। এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি রাবণের চরিত্রকে মহান হিসেবে তুলে ধরে রামভক্ত ও সীতার সম্বন্ধে নিন্দনীয় মন্তব্য করেন।

তার এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে ভারতীয় জনতা যুব মোর্চারনেতা আশিস জশওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাওড়া গোলাবাড়ি থানায় এফআইআর দায়ের করেন। আশিসবাবুর মতে কল্যাণবাবুর এরূপ নিন্দনীয় মন্তব্যের দ্বারা হিন্দু ভাবাবেগকে আঘাত করা হয়েছে। তিনি এও বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তাঁর এই বিরূপ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। হাওড়ার মৈথিলী সমাজের সদস্য অভয় কুমার ঝাঁ হুংকার শানিয়ে বলেন যে কল্যাণবাবু যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চান, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন।

তৃণমূল নেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই মন্তব্যের মধ্যে দিয়ে কল্যাণবাবু হিন্দু সংস্কৃতি ও রামায়ণ, মহাভারতের অপমান করেছেন। এর জবাব মানুষ আগামী বিধানসভা নির্বাচনেই দেবে বলে দাবী তাঁর। লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ তৃণমূল ভোট ব্যাঙ্কের জন্য সংখ্যালঘুদের সব বিষয়কে সম্মান জানাতে পারে কিন্তু ধীরে ধীরে এই দল হিন্দুদের বিরোধিতায় তৎপর হয়েছে।

RELATED Articles