আমি একদিন এসেছি নার্ভ ফেল করেছে, সাত দিন এলে হার্ট ফেল করবে! বিজেপি নেতা অর্জুন সিংকে এইরকম ফিল্মি কায়দায় হুঁশিয়ারি দেওয়ার পর, এবার কল্যাণের নিশানায় একদা সতীর্থ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
নিজের ভাষা-জ্ঞান নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর মুখ থেকে যেনও অসাংবিধানিক ভাষার ফুলঝুরি ছুটছে।
অর্জুনের পর শুভেন্দুকে নিশানা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, “তোর হাত কেটে নেব। রামনবমীর আগে দেখা হবে, পিষে দেব”। একইসঙ্গে এদিনের সভা থেকে শুভেন্দুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। বলেন, “লক্ষ্ণণ শেঠের পর কাঁথির মেজোবাবুই হয়ে উঠেছিলেন হলদিয়ার ডন। জাহাজ থেকে মাল নামানোর আগে ১৫-২০ শতাংশ কমিশন নিতেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ত্যাগ করার পর রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ’ বলে আক্রমণ শানিয়েছেন তিনি। নির্বাচনে কারচুপির অভিযোগও করেছেন। পালটা দিয়েছেন শাসকদলের নেতারা।
শুভেন্দুকে এইসব হুমকি হুঁশিয়ারির পর এদিন হঠাৎই মঞ্চ থেকে তৃণমূলের দাপুটে নেতা কল্যাণ আসন্ন বিধানসভা নির্বাচনে জঙ্গিপাড়ার প্রার্থীর নাম ঘোষনা করে দেন। বলেন, “আগামী নির্বাচনে জঙ্গিপাড়ার প্রার্থী হবেন বর্তমান বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী।”
প্রসঙ্গত উল্লেখ্য এখনও বাংলায় বিধানসভা নির্বাচনের দিণক্ষণ ধার্য হয়নি। কিন্তু তার আগেই এই ভাবে পদ প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া ভালো চোখে দেখেনি তৃণমূলের উচ্চ নেতৃত্ব।





