নিজাম প্যালেসে আগুন, গ্রেফতারির পর সেখানেই রয়েছেন সন্দীপ ঘোষ, কী কারণে লাগল আগুন? কোনও ষড়যন্ত্র নয় তো?

আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য-সহ দেশ। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই বিক্ষোভ আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ন্যায় বিচারের দাবীতে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সকলে।  গতকাল গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। এরই মধ্যে জানা গেল নিজাম প্যালেসে লেগেছে আগুন।

আর জি করে আর্থিক দুর্নীতির ঘটনায় সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে। দীর্ঘদিন ধরে জেরা পর্ব চলার পর গ্রেফতার হয়েছেন তিনি। গতকাল, সোমবার সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই গ্রেফতার করা হয় সন্দীপকে। রাতে নিজাম প্যালেসেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় বলে খবর।

এরপর জানা যায় আজ, মঙ্গলবার সকালে আগুন লেগেছে নিজাম প্যালেসে। এদিন সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের ৬ তলায় আগুন লাগে বলে খবর। গ্রেফতারির পর আপাতত নিজাম প্যালেসেই রয়েছেন সন্দীপ ঘোষ। তাঁকে ছাড়াও আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে এই আগুন লাগার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নিজাম প্যালেসের ৬ তলার একটি ঘর থেকে আগুন বেরোতে দেখা যায়। সূত্রের খবর, একটি টিভিতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। পাশে থাকা কাপড়ের স্তূপে আগুন লেগে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন CPWDর কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা করেন তারা।

আরও পড়ুনঃ কাটল বিনিদ্র রাত! এখনও দাবীতে অনড় জুনিয়র চিকিৎসকরা, রাস্তায় বসে চলছে ধর্না, টলানো যাবে না প্রতিবাদী সত্ত্বাকে

এরপর ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। তারাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। কোনও হতাহতের খবর মেলেনি এই অগ্নিকাণ্ডের জেরে। তবে ইতিমধ্যেই বিরোধীরা যেন এই ঘটনায় কোনও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। সত্যিই ঘটনাচক্রে আগুন নাকি ইচ্ছাকৃত, এমন প্রশ্নই তুলেছেন তারা।

RELATED Articles